এশিয়ান গেমস হকির বাছাই পর্বে আজ বৃহস্পতিবার চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ হকি দল। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুদলের লড়াই হয়েছে সমানে সমান। যদিও প্রথমে বাংলাদেশ গোল হজম করে। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। অবশ্য ম্যাচে সমতায় ফিরতে বেশি দেরি করেনি বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম।
সমতায় ফেরার পর পরের দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় লাল-সবুজের জার্সিধারীরা। ফলে ২২ মিনিটে আবারও গোল পায় তারা। এবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর দুই গোল হজম করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরুল-রাব্বিদের প্রতিপক্ষ শ্রীলংকা। এরপর ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

