রোনালদোর কাছে স্পেনের ফুটবলই ‘বিশ্বের সেরা’

রোনালদোর কাছে স্পেনের ফুটবলই ‘বিশ্বের সেরা’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শুধু শিরোপা জয় নয়, টুর্নামেন্টজুড়ে তাদের খেলার ধরনই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে। তার মতে, বর্তমান সময়ে বিশ্বের সেরা ফুটবল খেলছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ফাইনালের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো স্পেনকে স্পষ্ট ফেভারিট ঘোষণা করেছিলেন। এমনকি তিনি বলেছিলেন, স্পেন সহজেই জিতবে। সেই ভবিষ্যদ্বাণীও শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যদিও জয়টা সহজ হয়নি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় লা রোহা।

বিজ্ঞাপন

রোনালদোর মতে, স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের খেলার দর্শন। তিনি বলেন, “স্পেন অসাধারণ ফুটবল খেলে। এই ধরনের ফুটবল তাদের রক্তে মিশে আছে। ছোটবেলা থেকেই তারা এভাবেই খেলে আসছে। বলের নিয়ন্ত্রণ ধরে রাখাই সবচেয়ে বড় কৌশল, আর সেটি দারুণভাবে করে দেখিয়েছে তারা। ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘জোগো বোনিতো’কেও ছাড়িয়ে গেছে তারা। এই মুহূর্তে স্পেনের খেলার ধরনই বিশ্বের সেরা।”

বিশ্বকাপ জয়ের পর ফিফাকেও একই ধরনের মূল্যায়ন দেন স্পেনের অধিনায়ক রদ্রি। তার ভাষায়, ‘আমরা এমন একটি দল, যারা খেলার প্রায় প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি। প্রেসিং, বলের দখল, পাল্টা আক্রমণ, সেট-পিস; ফুটবলের প্রতিটি বিভাগেই আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করি। আমার বিশ্বাস, বর্তমানে বিশ্বের সেরা গোছালো দল স্পেন।’

রোনালদো অবশ্য আর্জেন্টিনার লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এই বিশ্বকাপে আর্জেন্টিনার গল্প ছিল দারুণ। তারা সব সময়ই লড়াই করে, কখনো হাল ছাড়ে না। কিন্তু স্পেন অনেক বেশি সংগঠিত ও স্বয়ংক্রিয় একটি দল। তারা প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তা খুব ভালোভাবে জানে।’

ফাইনালেও সেই পার্থক্য স্পষ্ট ছিল। পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য বিস্তার করে স্পেন। এমিলিয়ানো মার্টিনেজের একের পর এক দুর্দান্ত সেভ না থাকলে নির্ধারিত সময়েই ব্যবধান আরো বড় হতে পারত। শেষ পর্যন্ত ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন