ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। এই ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, ফাইনালে জায়গা করে নিতে নেট রান রেটের কঠিন হিসাবও মেলাতে হবে বাংলাদেশকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে আলিসের। একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান।
অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। একটি ম্যাচ জিতে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে হারের পর -১.৯৮০ নেট রান রেট নিয়ে তিন দলের মধ্যে সবার নিচে বাংলাদেশ।
আফগানিস্তানকে হারাতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। তবে ফাইনালের টিকিট পেতে জয়টা হতে হবে বড় ব্যবধানের। আগে ব্যাটিং করায় বাংলাদেশকে অন্তত ৪১ রানে জিততে হবে। আর পরে ব্যাটিং করতে হলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।
সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারে, ২৪০ রানের লক্ষ্য হলে ৪১.১ ওভারে এবং ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভারের মধ্যে। এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য ৪১.৪ ওভারে, ২৭০ রান ৪১.৫ ওভারে, ২৮০ রান ৪২ ওভারে এবং ৩০০ রানের লক্ষ্য ৪২.২ ওভারের মধ্যে তাড়া করতে হবে।
ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই এখন পর্যন্ত সমানে সমান। ২২ ম্যাচে দুই দলেরই জয় ১১টি করে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে আফগানরা। সর্বশেষ ছয় মুখোমুখি লড়াইয়ের পাঁচটিতেই জিতেছে তারা। পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে।
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

