যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ী ও রামপুরায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম থেকে আসা বাসে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়। অন্যজনের কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক দল এসব অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়টির উপপরিচালক আনোয়ার হোসেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৫) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

বাসের চালকের বাঁ পাশে বসে থাকা জাহেদুলের দুই পায়ের মাঝখানে রাখা কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন কর্মকর্তারা। ইয়াবাগুলো ১০টি নীল জিপারযুক্ত প্যাকেটে রাখা ছিল।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেপ্তার জাহেদুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। অধিদপ্তরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আগের মাদক মামলার তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে যাত্রাবাড়ী এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) ক্রমিক অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, রামপুরা থানাধীন খিলগাঁওয়ের মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. শুভ (২৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএনসির সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভর বিরুদ্ধেও আগের মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আনোয়ার হোসেন জানান, দুই অভিযানে মোট ২ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন