চলতি নারী বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা দেখল দর্শকরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে দুই দলেরই ভরসা হয়ে উঠেছিলেন দুজন। তবে দিনশেষে হাসল প্রোটিয়ারা, যার পেছনে সিকিভাগ কৃতিত্ব নাদিন ডি ক্লার্কের। তার ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসেই ৩ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারানোর পর ভারতকে টেনে তোলেন আটে নামা রিচা ঘোষ। তার ৭৭ বলে ৯৪ রানের ইনিংসে অলআউট হওয়ার আগে ২৫১ রান করতে পেরেছিল ভারত। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ৮১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর ওপেনার লরা ভলভার্ট (৭৭) ও সাতে নামা ক্লোয়ি ট্রাইওনের পর (৪৯) ডি ক্লার্কেরর ঝড়ে জিতে যায় প্রোটিয়ারা।
এর আগে ব্যাট করতে নেমে প্রতীকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানার (২৩) উদ্বোধনী জুটি তুলে ফেলে ৫৫ রান। এরপর বিপর্যয়ে ৪৭ রান যোগ হতেই নেই ৬ উইকেট। আটে নেমে আমনজোত কৌরকে (১৩) নিয়ে ৫১ ও স্নেহ রানাকে নিয়ে ৮৮ রান যোগ করেন রিচা। ২৪ বলে ৩৩ রান করেছেন রানা। ৯৪ রানের ইনিংসে রিচা মেরেছেন ১১টি চার ও ৪টি ছক্কা।
এই ম্যাচে ২৩ রান করার পথে বিশ্বরেকর্ড গড়েছেন মান্ধানা। চলতি বছর ১৭ ওয়ানডেতে ৯৮২ রান করলেন মান্ধানা। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখন তার সামনে।
৩ ম্যাচ খেলে এটি ভারতের প্রথম হার এই বিশ্বকাপে। টেবিলের তিন নম্বর অবস্থানে আছে তারা। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

