রশিদকে খেলতে গিয়েই বাংলাদেশের হার : মুশতাক

রশিদকে খেলতে গিয়েই বাংলাদেশের হার : মুশতাক

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৯০ রানের লক্ষ্যই তাড়া করতে পারেনি বাংলাদেশ। যদি ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে, রশিদ খানকেই ঠিকঠাক খেলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করেন রশিদ। এই লেগ স্পিনারকে খেলতে গিয়ে বাংলাদেশের কেন এই দুর্দশা? সেই ব্যাখ্যায় বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ জানান, রশিদের বল নয়, তার খ্যাতির দিকে মনোযোগী বলে মনে হয়েছে ক্রিকেটারদের।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা এই স্পিনার অসংখ্যবারই ডুবিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের ব্যাটাররা রশিদ খানের বল ও বোলারকে আলাদা করতে পারেননি বলে জানান মুশতাক। তার কথায়, ‘আমার মনে হয় তারা রশিদকে খেলছে, বলকে নয়। রশিদ খুব বেশি টার্ন করায় এমন বোলার নয়, কিন্তু সে খুব অভিজ্ঞ। উইকেট-টেকার বোলার। তার লাইন ও লেংথ খুব ধারাবাহিক। আমার মনে হয়, আমাদের কখনো কখনো বলকে খেলতে হবে, বোলারকে নয়।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘যদি তোমার মানসিক দৃঢ়তা ভালো হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো বোলারের বিপক্ষেই খেলতে পারবে। রশিদ বহু বছর ধরে আফগানিস্তানের হয়ে সফল। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ব্যাটিং ইউনিট হিসেবে আমাদেরও জানা উচিতÑবলকে খেলতে হবে, বোলারকে নয়।’

রশিদ খানকে খেলতে না পারার ব্যর্থতার পাশাপাশি মাঝের ওভারে রান তুলতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ। লম্বা সময় ধরে মাঝের ওভারে রান তুলতে সমস্যার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে মুশতাক বলেন, ‘মাঝের ওভারে স্পিনারদের বিপক্ষে ভালো টেকনিক থাকতে হবে। ভালো বলেও কীভাবে সিঙ্গেল নেওয়া যায় সেটা জানতে হবে। তুমি যদি স্ট্রাইক রোটেট করতে পারো, তাহলে সেটা তোমার চেয়ে বোলারের ওপর বেশি চাপ ফেলবে। আমার মনে হয়, যখন অনেক ডট বল হয়, তখনই বড় শট খেলার প্রয়োজন পড়ে, আর সেখানেই উইকেট হারানো শুরু হয়। আমি নিজে একজন স্পিনার হিসেবে জানি, যেসব ব্যাটার সহজে রান নেয়-সিঙ্গেল ও ডাবল নেয়-তারা স্পিনারের ওপর অনেক চাপ তৈরি করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন