নেইমারের আল হিলাল ছাড়ার গুঞ্জন উঠে কয়েকদিন আগে। সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিলো। সৌদি আরব অধ্যায়ের ইতি টানলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। তাতেই শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা বেড়ে গেল তার।
সম্প্রতি সান্তোস জানায়, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের ক্লাবে যোগ দেবেন নেইমার। আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাবে ফেরার আলোচনাকে যেন প্রাণ দিলেন ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জনে ঘি ঢেলেছে ইএসপিএন। সম্প্রতি গণমাধ্যমটি জানায়, ছয় মাসের চুক্তি নিয়ে আলোচনা চলছে নেইমার ও সান্তোসর মধ্যে। সম্ভাব্য এই চুক্তির মেয়াদ আরও দেড় বছর বাড়ানোর মতো একটা ধারাও রাখবে দুই পক্ষ। ইএসপিএন আরও জানিয়েছে, খুব শিগগিরই নেইমারের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে সান্তোস।
পিএসজি ছেড়ে ২০২৩ সালে বাৎসরিক ৯ কোটি ৭৬ ডলারের চুক্তিতে আল হিলালে যোগ দেন নেইমার। প্রো লিগের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল দুই বছরের। যদিও আল হিলাল যে আশা করে দলে টেনেছিল তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি নেইমার। দুই দফা ইনজুরিতে গত দেড় বছরের মধ্যে সিংহভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আল হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচে মাঠে নামতে পেরেছেন নেইমার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

