মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের কথায় চীন ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক বিবৃতিতে এমবাপ্পে স্বীকার করেন, তাঁর মন্তব্য যথাযথ ছিল না। এতে যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। একই সঙ্গে চীনের মানুষ ও দেশটির ইতিহাসের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলার সময় বিতর্কের সূত্রপাত করেন এমবাপ্পে। নিজের মুখ মাও সে-তুংয়ের শরীরে বসানো একটি ছবি নিয়ে কথা বলেন তিনি। মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা।

বিতর্কের প্রভাব পড়েছে এমবাপ্পের বাণিজ্যিক সম্পর্কেও। চীনের তিনটি প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড—তাঁর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে। এমবাপেকে নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণামূলক উপকরণ সরিয়ে নেওয়ার খবরও এসেছে।

চীনে এমবাপ্পের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি উল্লেখযোগ্য। ফলে এই বিতর্ক তাঁর বিপণনমূল্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি কতটা বদলায়, এখন সেটিই দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন