বৃষ্টির কারণে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টি শেষে মাঠ প্রস্তুতের পর খেলা শুরু হয় দুপুর একটায়। এদিন ফের খেলা বন্ধ হয়েছে। এবার বাধ সেধেছে আলোক স্বল্পতা।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলেছে স্বাগতিক দল। ৬০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সঙ্গে ব্যাট করতে নামবেন জাকের আলী অনিক। ২১ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এক উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন শুরুতেই ৩৩ রান করে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ৩ রানের জন্য ফিফটি বঞ্চিত হন মমিনুল হক সৌরভ। দলের হাল ধরতে পারেননি মুশফিকুর রহিম। প্রথম ইনিংসের মতো এবারও ৪ রান করে আউট হন তিনি। এরপর পঞ্চম উইকেটে জাকেরকে সঙ্গে নিয়ে ৩৯ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়েন শান্ত।
এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় সফরকারী দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯১/১০ (৬১ ওভার); মমিনুল ৫৬, শান্ত ৪০, জাকের ২৮, হাসান ১৯, জয় ১৪; মাদাকাদজা ৩/২১, মাজারাবানি ৩/৫০
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার); উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, রানা ৩/৭৪
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯৪/৪ (৫৭ ওভার); শান্ত ৬০*, মমিনুল ৪৭, জাকের ২১*, জয় ৩৩; মুজারাবানি ৩/৫১
তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১১২ রানে এগিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

