নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। ব্যাট হাতে পাচ্ছেন না রানের দেখা। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন, এটাই লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার একমাত্র কারণ।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ছয় রান করেন লিটন। এমতাবস্থায় তার ওপর আস্থা রাখতে পারছেন না লিপু। লিটনের পরিবর্তে ওপেনিংয়ে সৌম্য-তামিম জুটির ওপর ভরসা রাখছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিপু বলেন, ‘লিটন ফর্মে নেই। তার আউট হওয়ার ধরন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধাটা নেওয়া দরকার সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষে দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে সফল হয়ে যাচ্ছে। তবুর তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে এই মুহূর্তে ভরসা দেওয়া মতো জায়গায় নেই।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘তামিম ও সৌম্য ওপেনিং জুটিতে ভালো করছে। তাই সম্ভবত তারা ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। যদিও তার ব্যাটিং ক্লাস নিয়ে সন্দেহ পোষণ করছি না। তাকে অফফর্ম থেকে বের করে আনতে পারলে আবার ফর্মে আনতে আপরব। আমাদের বিশেষজ্ঞরা এই সময়ে তাজ করার সুযোগ পাবে।’
দল থেকে বাদ দিলেও লিটনকে ফর্মে ফেরানো নিয়ে ঠিকই তৎপরতা আছে বিসিবির। এই বিষয়ে লিপু বলেন, ‘অবশ্যই লিটনের ইতিহাস, অতীত পারফরম্যান্স দেখা হয়। নিকট অতীত বেশি দেখা হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা সব ম্যাচেই রান করেছি। দুই ম্যাচে তিনশ পেরিয়েছি। উইকেটে ব্যাটাররা সাহায্য পেয়েছে। লিটন সেখানেও ব্যর্থ হয়েছে। তাই তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমরা পিন্ডিতে খেলব। যেখানে খুব ভালো ব্যাটিং উইকেট। নিউজিল্যান্ড ৩৩৬ রান করেও হেরেছে। টপ অর্ডাররাই রান করেছে। তার মানে হলো ওপর থেকে রান করতে হবে। তাই অফ ফর্মে থাকা কাউকে দলে নেওয়া যাচ্ছে না। টুর্নামেন্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কঠিন চ্যালেঞ্জ থাকবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

