পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামের পিচে সহায়তা পাবেন ব্যাটাররা- বিষয়টা জানাই ছিল। এই ব্যাটিং স্বর্গে জিততে হলে অন্তত ২৮০ রান করতে হবে- টস জিতে এমনটাই বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। দলপতির কথা রেখেছে স্বাগতিকরা। সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৫ রান জড়ো করেছে শ্রীলঙ্কা। তাই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে ২৮৬ রান করতে হবে বাংলাদেশকে। এর আগে কখনও লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জেতেনি তারা।
শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা তেমন ভালো ছিল না। ঢিমেতালে শুরুর পর রানের চাকা সচল রাখেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। চতুর্থ উইকেটে এই দুইজন তোলেন ১২৪ রান। মূলত এই জুটিতেই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পেরেছে লঙ্কানরা। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার কল্যাণে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে তারা।
আগের ২ ম্যাচে রান পেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মেন্ডিস। অবশেষে শেষ ওয়ানডেতে শতকের দেখা পান এই টপঅর্ডার ব্যাটার। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির হাঁকিয়ে ব্যক্তিগত ১২৪ রানে বিদায় নেন মেন্ডিস। তার ১১৪ বলের ইনিংসটিতে চারের মার ছিল ১৮টি। শ্রীলঙ্কার ইনিংসে আসালঙ্কার অবদান ৫৮ রান। ৬৮ বলে নয়টি বাউন্ডারি হাঁকান স্বাগতিক অধিনায়ক। ৩৫ রান এনে দেন পাথুম নিশাঙ্কা। ৪৭ বল খেলেন এই ওপেনার। ১৪ বলে ১৮ রানে অপরাজিত থাকেন হাসারাঙ্গা। এছাড়া ১৬ রান করেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। এজন্য ৪৮ রান খরচ করেন অধিনায়ক। ৩ রান বেশি দেন তাসকিন। এছাড়া তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামিম হোসেনের শিকার একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কার ইনিংস: ২৮৫/৭ (৫০ ওভার); মেন্ডিস ১২৪, আসালঙ্কা ৫৮, নিশাঙ্কা ৩৫, হাসারাঙ্গা ১৮; মিরাজ ২/৪৮, তাসকিন ২/৫১
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

