ফেডারেশন কাপ

ফর্টিসের স্মরণীয় জয়, হাসল আবাহনী-চট্টগ্রাম সিটিও

ফর্টিসের স্মরণীয় জয়, হাসল আবাহনী-চট্টগ্রাম সিটিও
গোলের পর ফর্টিসের নেপালিজ মিডফিল্ডার আরিক বিস্তাকে ঘিরে উদযাপন

ফেডারেশন কাপে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচ দিয়ে আজ ২০২১ সালের সেপ্টেম্বরের পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। এদিন জাতীয় স্টেডিয়ামে প্রথমবার খেলতে নামে ফর্টিস এফসি। হোম অব ফুটবলে অভিষেক জয়ে রাঙিয়ে দিল ক্লাবটি। রহমতগঞ্জকে ৩-০ গোলে হারাল তারা। এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তালিকায় দুইয়ে উঠে এল ফর্টিস। অন্যদিকে ফর্টিসের গ্রুপে থাকা আবাহনীও চলমান ফেডারেশন কাপে প্রথম জয় পেয়েছে। তারা ২-০ গোলে হারাল ফকিরেরপুলকে। এতে দুই ম্যাচে আবাহনীর অর্জন চার পয়েন্ট। তবে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চারে। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে চট্টগ্রাম সিটি ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে। তিন ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ৭ পয়েন্ট।

বিজ্ঞাপন

জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফেরার ম্যাচে গ্যালারিতে ফর্টিস ও রহমতগঞ্জের ম্যাচে হাতেগুনা কিছু দর্শক দেখা যায়। এই ম্যাচটি স্টেডিয়ামে বসেই উপভোগ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলিও। শুরু থেকে ম্যাচটি জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল রহমতগঞ্জ। কিন্তু ফর্টিসের বিপক্ষে পাল্লা দিয়ে লড়াইয়ের চেষ্টা করলেও বিরতিতের যাওয়ার আগ মুহুর্তে গোল হজম করে বসে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) আক্রমণে যায ফর্টিস। প্রথমে তাদের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর বাবুর নেওয়া শট রুখে দেন রহমতগঞ্জ গোলরক্ষক মামুন। এরপর ওমর বাবুর নেয়ার কর্নারে বল হেডে ফিরিয়ে দেন প্রতিপক্ষের খেলোয়াড়। ফিরতি বলে জোড়ালো শটে গোল করেন ফর্টিসের নেপালিজ মিডফিল্ডার আরিক বিস্তা। এরপর ৬৩ মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল পান ওমর বাবু। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) ফর্টিসের হয়ে শেষ গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চেকউবে।

আবাহনী ফুটবল দল
আবাহনী ফুটবল দল

এদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দৃষ্টিনন্দন এক গোল উপহার দেন শেখ মোরসালিন। বাতাতুন্দের পাস বক্সের বাইরে পেয়ে কিছুটা জায়গা করেন নেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। এরপর শরীরটা ঘুরিয়ে ডান পায়ে গোলপোস্টের টপ কর্নারে শট নেন মোরসালিন। ফকিরেরপুলের গোলরক্ষক রুবেলের তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না। ফকিরেরপুলের বিপক্ষে ৫১ মিনিটে এই গোলটি করার পর কোনো উদযাপন ছিল না মোরসালিনের। গত সাফ চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলার সুযোগ পাননি এই তরুণ। ৮৭ মিনিটে ইমন মিয়ার ভুল পাসে দ্বিতীয় গোল হজম করে ফকিরেরপুল। বক্সের সামনে বল পেয়ে গোল করেন আবাহনীর আল-আমিন। অপরদিকে মানিকগঞ্জে চট্টগ্রাম সিটির জয়ের নায়ক জাফর ইকবাল। ৮৮ মিনিটে সুমন রেজার ক্রস পেয়ে মিনহাজুল করিম পাস দেন গোলমুখে থাকা জাফরকে। ব্রাদার্সের গোলরক্ষক কিছুটা এগিয়ে আসায় ফাঁকা পোস্ট পেয়ে সহজ গোল করেন জাফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...