ইতিহাস গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

ইতিহাস গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর ফুটবলার কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৬ মৌসুমের এমএলএস ‘বর্ষসেরা তরুণ খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতে তিনি লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন।

বিজ্ঞাপন

২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে সেরা পারফরমারকে এই স্বীকৃতি দেওয়া হয়। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান পেশাদার খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হয়। সুলিভান মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পেয়ে নিরঙ্কুশভাবে শীর্ষস্থান দখল করেন। তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই সবার ওপরে ছিলেন তিনি—যার মধ্যে সংবাদমাধ্যমের ৮০ শতাংশ এবং সতীর্থ পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পেয়েছেন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থ নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল (দ্বিতীয়) ও আদ্রি মেহমেতিকে (তৃতীয়)। ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ‘বর্ষসেরা নবাগত খেলোয়াড়’ পুরস্কার দেওয়ার পর ২০২০ সাল থেকে এমএলএস এই বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার প্রবর্তন করে।

নিয়মিত খেলোয়াড় হিসেবে এমএলএসে নিজের প্রথম মৌসুমেই দ্যুতি ছড়িয়েছেন সুলিভান। ২৯ ম্যাচে মাঠে নেমে ৯টি গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি গোল, অর্থাৎ সব মিলিয়ে ২৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলে অবদান এবং সর্বোচ্চ অ্যাসিস্টের দুটি রেকর্ডই নিজের করে নিয়েছেন। শুধু তা-ই নয়, টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখে এমএলএসে কিশোর ফুটবলারদের মধ্যে দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ডও গড়েছেন তিনি। এই অসামান্য নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ গত সেপ্টেম্বরে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এমএলএস ‘মাসসেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছিলেন সুলিভান।

ক্লাব ফুটবলের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও সমানতালে রেকর্ড গড়ে চলেছেন এই তরুণ। গত সেপ্টেম্বরে প্রথমবার যুক্তরাষ্ট্রের মূল জাতীয় দলে ডাক পেয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে অভিষেক হয় তার। এরপর মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।

কাভান সুলিভানের সঙ্গে বাংলাদেশের নাড়ির টান বেশ গভীর। তার নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এছাড়া কাভানের দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান এরই মধ্যে বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন