ফুটবলের মাঠে জিতেও শিরোপা হারাতে হয়েছিল সেনেগালকে। প্রায় ১০ মাসের আইনি লড়াই শেষে সেই ট্রফিই আবার ফিরল সাদিও মানেদের ঘরে। মরক্কোর বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে পাওয়া ১-০ গোলের জয় বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। ফলে ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্তভাবে স্বীকৃতি পেল সেনেগাল।
রায়ে সিএএস সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল সর্বসম্মতভাবে মঞ্জুর করেছে। এর ফলে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে এবং ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বহাল হয়েছে। গত মার্চে সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন করেছিল সিএএফ।
গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের শেষদিকে মরক্কোর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি জঁ-জ্যাক এনদালা। এতে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়রা সাময়িকভাবে মাঠ ছেড়ে যান। পরে ফিরে এসে খেলা চালিয়ে যান তারা। মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন। অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের গোলে ১-০ ব্যবধানে জেতে সেনেগাল।
সিএএসের পর্যবেক্ষণ, খেলা পুনরায় শুরু করা কিংবা পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল রেফারির। তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়নি। তাই মাঠ ছাড়ার কারণে দলকে হারিয়ে দেওয়ার বিধান এখানে প্রযোজ্য নয়। রেফারির সিদ্ধান্তও স্বেচ্ছাচারী ছিল না বলে মত আদালতের।
তবে শিরোপায় ফিরলেও সেনেগালের খেলোয়াড় ও কোচের ওপর আগের শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

