কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টেস্টে বাংলাদেশের কোনো সুখস্মৃতি ছিল না। এবারের টেস্ট সিরিজও সেই পুরানো দুঃখ নিয়েই শেষ হলো। এসএসসি থেকে কয়েক কিলোমিটার দুরে শহরের আরেকপ্রান্তে ক্রিকেট স্টেডিয়াম প্রেমাদাসায়ও লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো সুখস্মৃতি বা আনন্দদায়ক কিছু নেই। তবে এ মাঠে খেলা সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি লঙ্কানদের বিপক্ষে হারের দুঃস্মৃতি আরো লম্বা হবে-সে উত্তর পাওয়া যাবে আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে। প্রেমাদাসা প্রথম দুটি এবং ক্যান্ডির পাল্লেকেল্লেতে তৃতীয় এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হবে। এই সিরিজেই ওয়ানডে সংস্করণে মেহেদি হাসান মিরাজের অধিনায়ক যুগে প্রবেশ করবে বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিরতি দিয়ে ওয়ানডে সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির ওই ব্যর্থতা কাটিয়ে ওয়ানডেতে বাংলাদেশ কেমন করে, সেদিকেও থাকবে নজর। শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব উঠেছে মিরাজের কাঁধে। যদিও হুট করে এমন অধিনায়কত্বের ব্যাটন পরিবর্তন নিয়ে আছে নানান বিতর্ক। এ বিতর্কের মাঝে ওয়ানডেতে বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়ায় ও পারফর্ম করে-সেটাই এখন দেখার অপেক্ষা।
মাঠের বাইরের এমন আলোচনার মধ্যে অবশ্য পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ৫৭ ওয়ানডে বাংলাদেশের ১২ জয়ের বিপরীতে হার আছে ৪৩ ম্যাচে। দুই ম্যাচে আসেনি কোনো ফলাফল। লঙ্কানদের বিপক্ষে অতীত পরিসংখ্যান যেমন দুর্বিষহ, ঠিক তেমনি সাম্প্রতিক পারফরম্যান্সও বাংলাদেশের পক্ষে কথা বলছে না। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত খেলা ১১ ওয়ানডেতে মাত্র তিনবার জয় পেয়েছে বাংলাদেশ।
লঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানও পক্ষে কথা বলছে না। দেশটির বিপক্ষে তাদের মাটিতে খেলা ২৪ ম্যাচে মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর প্রথম দুই ওয়ানডের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ম্যাচে পায়নি কোনো জয়। অবশ্য এই মাঠে খেলা মোট ১৩ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে এক ম্যাচে। সেটাও সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২০২৩ এশিয়া কাপে।
শ্রীলঙ্কার বিপক্ষে এ সিরিজ দিয়েই মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন নাঈম শেখ-শামীম পাটোয়ারীরা। তাদের নিজেদের প্রমাণের জন্যই সেরা মঞ্চ হতে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। সিরিজে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরবেন দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। লঙ্কা সিরিজেই বোঝা যাবে কতটুকু পুরোনো ছন্দে ফিরছেন তারা।
এতসব নেতিবাচকতা নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ। এখন প্রশ্ন জেগেছে-এতসব নেতিবাচকতার মধ্যে বাংলাদেশ নতুন অধিনায়কের অধীনে ইতিবাচক ফল আনতে পারে কি না? ২০২৭ বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বড় পরীক্ষার মঞ্চ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

