আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কেন মাঠে সীমাবদ্ধ থাকে না ভারত-পাকিস্তান লড়াই

এম. এম. মাসুক

কেন মাঠে সীমাবদ্ধ থাকে না ভারত-পাকিস্তান লড়াই

ভারত-পাকিস্তান মাঠে নামলে সেটি আর মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। মহারণে রূপ নেয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ এতটাই উত্তাপ ও উত্তেজনার বারুদ ছড়ায় যে, দেশ দুটির রাষ্ট্রপ্রধান থেকে সাধারণ নাগরিকও স্নায়ু চাপে ভোগে। পুরো ক্রিকেটবিশ্বও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সাম্প্রতিক ঘটনায় এবার চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলের মুখোমুখিতে আরো রঙ ছড়াচ্ছে। দুই দেশের সম্পর্কের টানাপড়েনের কারণে টুর্নামেন্টটি আয়োজন করতে গিয়ে ঘাম ছুটেছে আইসিসির। সব দল পাকিস্তানে গিয়ে খেলছে। কিন্তু শুধু ভারতকে কোনোভাবেই পাকিস্তানে গিয়ে খেলতে রাজি করানো যায়নি। যে কারণে ‘হাইব্রিড মডেল’-এর আশ্রয় নিতে হয়েছে। এই মডেলের শর্ত অনুযায়ী, ভবিষ্যতে আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে ভারত যাবে না পাকিস্তান। ফলে আয়োজক দেশ হয়েও ভিন দেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে গিয়ে ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান।

নানা জটিলতা কাটিয়ে বৈশ্বিক ক্রিকেটমঞ্চে আবার মুখোমুখি পাকিস্তান-ভারত। দুদলের লড়াই এতটাই জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে যে, ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি শেষ! শুধু সাম্প্রতিক ঘটনাগুলোই পাকিস্তান-ভারতের মাঠের লড়াই ভিন্ন মাত্রা পায়নি। সেই ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকেই রাজনৈতিক দ্বন্দ্ব দুই দেশের ক্রিকেটে বড় ধরনের প্রভাব ফেলেছে। সীমান্তে উত্তপ্ত পরিবেশ, বেশ কয়েকবার যুদ্ধেও জড়ায় দেশ দুটি। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ে ক্রিকেটের ওপরও। রাজনৈতিক এই বৈরিতার কারণেই মূলত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাহ্যিক উত্তাপ ছড়ায়। তবে গত প্রায় এক দশক ধরে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। বৈশ্বিক টুর্নামেন্ট এলেই দেখা হয় তাদের। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে পাকিস্তান-ভারত।

বিজ্ঞাপন

২০০৮ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর বেশ কিছু বছর ক্রিকেট থেকে নির্বাসনে ছিল পাকিস্তান। একই বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজে ভাটা পড়ে। সর্বশেষ ২০১৩ সালে ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এরপর থেকে দুদলের আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এর মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ মিলে ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছে দুদল। এতে মাত্র দুটি ম্যাচে জিতেছে পাকিস্তান। বাকি ৮টিতে জয় ভারতের। অপর ম্যাচটির ফল হয়নি। ভারতের বিপক্ষে নিকট অতীত রেকর্ড উজ্জ্বল না হলেও পাকিস্তানের দারুণ সুখস্মৃতি আছে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন