প্রথম ইনিংসে ১৪ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি হাসান মুরাদ। যদিও প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঠিকই নিজের মুন্সিয়ানা দেখাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এর মধ্যে তিনটাই নিয়েছেন মুরাদ। তাতে অবশ্য খুব একটা লাভ হচ্ছে না বাংলাদেশ ‘এ’ দলের।
তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড। ২০৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন ব্যাট করতে নামবে সফরকারী দল। কিউইদের বড় লিডের আশা দেখাচ্ছেন নিক কেলি। ১১৭ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১১ রান নিয়ে শেষদিন ব্যাট করতে নামবেন মিচেল হে। ৫৮ রান করেন জো কার্টার। অতিথিদের পতন হওয়া বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন নাইম হাসান ও খালেদ আহমেদ।
এর আগে খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৯ রানে ৬ উইকেট নেন খালেদ। জবাবে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ২৬৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১০৭ রান করেন অধিনায়ক। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

