আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও লড়াই করেছে শেষ পর্যন্ত। নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা। নিউজিল্যান্ড আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দু্টিতেই হেরেছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি তাই দুই দলের জন্যেই জয়ের ধারায় ফেরার লড়াই। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও বোলিং-ফিল্ডিংয়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে কিছুটা ফাঁকফোকর রয়েই গেছে। ব্যাটাররা সবাই একসঙ্গে জ্বলে ওঠলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। ম্যাচের আগে এদিকটা নিয়েই কথা বলেছেন স্পিনার নাহিদা আক্তার। নাহিদা বলেন, ‘গত ম্যাচে কিন্তু আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, বোলিং বিভাগ হিসেবে আমরা খুব ভালো করেছি। একই ফোকাস থাকবে। ব্যাটাররাও ভালো করেছে। তারা যে খারাপ করছে, তা নয়। ২-১ জন আরেকটু ভালো করলে, রানটা আরেকটু বেশি হতো।’
ওয়ানডেতে সব মিলিয়ে চারবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে দুটি জয় নিউজিল্যান্ডের, বাকি দুই ম্যাচে কোনো ফলাফল হয়নি। বাংলাদেশের সামনে সুযোগ কিউইদের বিপক্ষে জয়খরা কাটানোর। নিউজিল্যান্ড বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হারলেও তাদেরকে সহজভাবে নিচ্ছেন না নাহিদা। এই বাঁহাতি স্পিনার আরও বলেন, ‘বিশ্বকাপের প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে সহজ বলতে কিছু নেই। সবসময়ই কঠিন পরিস্থিতিই পার করতে হবে। কারণ কোনো দলই সহজ কিছু দেবে না। সেভাবেই তাই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছুই হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

