ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে এশিয়ান কাপে বাছাই পর্বে তিন ম্যাচেই বড় ব্যবধানে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পা রাখে বাংলাদেশের মেয়েরা। তারা গ্রুপ পর্বের ম্যাচে বাহরাইনকে ৭-০, মায়ানমারকে ২-১ ও তুর্কমেনিস্তানকে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে। তাতে আসন্ন এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা।
এমন জয়ের পর নারী দল দেশে ফেরার পর সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া তিনটায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বাংলাদেশ নারী দলের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ আরও অনেকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

