আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অঙ্কনের বিস্ফোরক ব্যাটিং, খুলনা ২০৩

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

অঙ্কনের বিস্ফোরক ব্যাটিং, খুলনা ২০৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তোলেছে খুলনা টাইগার্স। মাহিদুল ইসলাম অঙ্কন ও উইল বোসিস্তোর বিস্ফোরক ব্যাটিংয়ে এই পুঁজি পেয়েছে দেশের দক্ষিণ পশ্চিমের দলটি।

চতুর্থ উইকেটে নিরবচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন অঙ্কন ও বোসিস্তো। সর্বোচ্চ ৭৫ রান করেন পরেরজন। ৫০ বলের মোকাবেলায় ৮ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি। ২২ বলে ১ চার ও ৬ ছয়ের সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন অঙ্কন। ১৮ বলে ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিজ্ঞাপন

এটা বিপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি। অঙ্কনের সঙ্গে আছেন সেকুগে প্রসন্ন ও উইল জ্যাকস। ২০১৬-১৭ মৌসুমে ঢাকা ডায়নামাইটের হয়ে খুলনার টাইটান্সের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন প্রসন্ন। অন্যদিকে জ্যাকস ২০২২ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮ বলে ফিফটি তুলে নেন।

বিপিএলে দ্রততম ফিফটির রেকর্ডটি সুনিল নারিনের দখলে। ২০২২ সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেন নারিন। তালিকার দুই নম্বরে আছেন আহমেদ শেহজাদ। বিপিএলের প্রথম আসর অর্থ্যাৎ ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করে আহমেদ শেহজাদ।

এর আগে খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন মোহাম্মদ নাইম ও বোসিস্তো। ১৭ বলে ২৬ রান করে নাইম ফিরে গেলে এই জুটি ভাঙে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেওয়ার আগে একশ স্ট্রাইকরেটে ১৮ রান করেন দলপতি মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেন। এই দুজনের ব্যাট থেকে আসে ৬ ও ৮ রান।

চিটাগংয়ের হয়ে বল হাতে সবচেয়ে বেশি খরুচে ছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে ৪৭ রান দেন এই বাঁহাতি পেসার। ৫৪ রান দেন খালেদ আহমেদ। ২ উইকেট নেন তিনি। খালেদের সমান ২ উইকেট নিলেও মাত্র ১৭ রান খরচ করেন আলিস ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন