প্রবাসী প্রতিভাবান ফুটবলারের খোঁজে বাফুফে। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে বাফুফের ট্রায়ালে অংশ নিচ্ছেন দুই প্রবাসী ফুটবলার- ইলমান মতিন ও আব্দুল কাদির। এই দু’জনকেই অনূর্ধ্ব-১৯ দলের জন্য বাছাই করা হবে।
এ প্রসঙ্গে বাফুফে কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ফাহাদ এম করিম আমার দেশকে বলেন, ‘আমরা এই দুই ফুটবলারের ট্রায়াল নেব ৩ এপ্রিল। বাফুফের টেকনিক্যাল বিভাগে এটি দেখছে। তারা ফুটবলারদের ট্রায়াল নেওয়ার পর একটি রিপোর্ট দেবেন। সেখানে তারা তাদের দলে রাখা হবে কি না- এ ব্যাপারে সুপারিশ করবেন। এরপর আমরা কোচের ওপর বিষয়টি ছেড়ে দেব যে, তিনি কীভাবে, কোথায় ফুটবলারদের কাজে লাগাবেন।’
১৬ বছর বয়সি আব্দুল কাদির খেলেন ইতালির ল’ একুইয়া সকার স্কুলে, লেফট উইঙ্গার হিসেবে। আর ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের কলেজ টিমে খেলেন ১৭ বছর বয়সি ইলমান। এ দুইজন ছাড়াও আগামী ৭ এপ্রিল কানাডা প্রবাসী ফারহানের ট্রায়াল নেওয়া হবে। ২০ বছর বয়সি এই ফুটবলার এখন ঢাকায় আছেন। বয়সভিত্তিক দলের জন্য প্রবাসী ফুটবলারদের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হবে জুনের শেষ সপ্তাহে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

