অন্যান্য প্রতিযোগিতায় টানা চার জয় নিয়ে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ লা লিগায় মাঠে নেমেই চেনা রূপ হারিয়ে গেল কাতালান পাড়ার ক্লাবটির। লিগে গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
এ নিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকল বার্সা। সব মিলিয়ে সবশেষ আট লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে দুটি করে জয়ের সুখস্মৃতি গেতাফের বিপক্ষে ম্যাচের আগে বেশ উজ্জীবিত করে রাখে বার্সাকে। সে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের মাঠ কলিসিয়াম স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে অতিথিদের এগিয়ে নেন জোলস কুন্দ। ৩৪ মিনিটে আরামবারির গোলে সমতায় ফেরে গেতাফে। প্রথমার্ধের বাকি সময় এবং বিরতির পর আর কোনো গোল করতে না পারায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা।
টেবিলের তিনে অবস্থান করছে বার্সা। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৪৩ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

