প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সমতায় ফিরলো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। তাদের এই জয়ের নায়ক সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর ভাগ্নে ইসাক মোহাম্মদ। তার সেঞ্চুরিতেই ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
লাফবোরোয় বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। তাতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭২ রান করে বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড লক্ষ্য পায় ২৭১ রানের। ২৩ বল বাকি থাকতে জয়ের ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রিজান হোসেন। তার ৫৭ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। এছাড়া ওপেনার রিফাত ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫২ বলে ৫১ রান। ৪৪ বলে ৪১ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১০ নম্বরে নেমে ২২ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন ফাহাদ।
রান তাড়ায় নেমে ইংল্যান্ডের হয়ে ইসাকের সেঞ্চুরি ছাড়া আরেক ওপেনার জোসেফ মুরস করেন ৩৪ বলে ৪৭ রান। ইসাকের ৯৫ বলে ১০৪ রানের ইনিংসে ছিল ৯ ছক্কা ও ৬ চার। প্রথম ম্যাচেও ৭ ছক্কা ও ৪টি চারে ৫৩ বলে ৭৫ রান করেছিলেন তিনি।
প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া সামিউর বশির এ দিনও বাংলাদেশের সফলতম বোলার। ৩৫ রানে ৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। ব্রিস্টলে আগামী বুধবার হবে তৃতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭ ওভারে ২৭২/৯ (রিজান ৫৭, রিফাত ৫১, আজিজুল ৪১; মিন্টো ৩/৪৮, লুমসডেন ২/১৯, নেলসন ২/৩৯)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৩.১ ওভারে ২৭৩/৫ (ইসাক ১০৪, মুরস ৪৭, নেলসন ৩৫*; সামিউন ৩/৩৫, আল-আমিন ১/২৯)
ফল: ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ ১-১ সমতা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

