তারকার মেলায় ইউনাইটেড কেন বিবর্ণ?

তারকার মেলায় ইউনাইটেড কেন বিবর্ণ?

এক সময় ওল্ড ট্রাফোর্ড ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যে দল হার মানতে জানত না, সেই ম্যানচেস্টার ইউনাইটেড এখন নিজের ছায়ার সঙ্গেই লড়ছে। গ্যালারিতে সমর্থকদের দীর্ঘশ্বাস, মাঠে খেলোয়াড়দের দিশাহীনতা, আর ডাগআউটে একের পর এক মুখ বদল মিলিয়ে ইংলিশ ফুটবলের এক সময়ের রাজা ঐতিহ্যবাহী দলটি যেন হারিয়ে ফেলেছে নিজের রাজত্বের পথ।

পতনের শুরুটা ২০১৩ সালে। ক্লাবের ইতিহাসে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর আর কখনো প্রিমিয়ার লিগ জিততে পারেনি ইউনাইটেড। তার অধীনে শেষবার ২০১২-১৩ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল দলটি। এরপর কেটে গেছে ১৩ বছর। এ সময়ে সর্বোচ্চ সাফল্য লিগে রানার্সআপ হওয়া। ২০১৭-১৮ মৌসুমে হোসে মরিনহোর অধীনে আর ২০২০-২১ মৌসুমে ওলে গুনার সুলশারের অধীনে শিরোপা জয় থেকে এক ধাপ দূরে অবস্থান করে শেষ হয়েছিল মৌসুম। গত মৌসুমে মাইকেল ক্যারিকের অধীনে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরলেও সেই সাফল্য ধরে রাখতে পারেনি দল।

বিজ্ঞাপন

রেড ডেভিলরা সবশেষ শিরোপা জিতেছে ২০২৪ সালের ২৫ মে। এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল এরিক টেন হাগের দল। কিন্তু সেই শিরোপা যেন ছিল ডুবন্ত জাহাজের শেষ অস্তিত্ব। এর পরের মৌসুমে প্রিমিয়ার লিগে অষ্টম থেকে নেমে ১৫তম হয়েছে ইউনাইটেড। এটাই প্রিমিয়ার লিগ যুগে তাদের সর্বনিম্ন অবস্থান। সে সঙ্গে এক মৌসুমে ১৮টি হারের লজ্জাও দেখতে হয়েছিল।

ফার্গুসনের পর কোচের চেয়ারটিও যেন ‘মিউজিক্যাল চেয়ার’ খেলায় পরিণত হয়েছে। ডেভিড ময়েস, লুই ফন গাল, মরিনহো, সুলশার, টেন হাগ, রুবেন আমোরিম ও ক্যারিকÑএই সাতজন ঘুরেছেন সাফল্যের চেয়ারের সামনে। কিন্তু কেউ বসতে পারেননি। অন্তর্বর্তী দায়িত্বে ছিলেন রায়ান গিগস, রালফ রাংনিক, রুড ফন নিস্টলরয় ও ড্যারেন ফ্লেচারও। সবশেষ ১২ নভেম্বর ক্যারিককে ছাঁটাই করে দায়িত্ব দেওয়া হয় মাউরিসিও পচেত্তিনোকে। ফার্গুসনের বিদায়ের পর তিনিই অষ্টম কোচ। কিন্তু তার শুরুটাও হলো লিভারপুলের কাছে গোলবন্যায় ভেসে! কোচদের মধ্যে সাফল্যের বিচারে সবচেয়ে এগিয়ে মরিনহো। ইউরোপা লিগ, লিগ কাপ ও কমিউনিটি শিল্ড মিলিয়ে তিনটি ট্রফি জিতেছেন। টেন হাগ জিতেছেন দুটি, ফন গাল পেয়েছেন একটি এফএ কাপ।

দলের এই ব্যর্থতায় স্বাভাবিকভাবে কোচদের ওপরই দায় বর্তায়। একইসঙ্গে প্রশ্নও থেকে যায়Ñদলের এই অবস্থার পেছনে দায় কি শুধু কোচদের? উত্তরটা এত সহজ নয়। ফার্গুসনের পর দল গঠনে ধারাবাহিকতা ছিল না, খেলোয়াড় কেনায় ভুল হয়েছে, কোচ বদলের সঙ্গে বদলেছে খেলার পরিকল্পনাও। এক কোচের পছন্দে কেনা খেলোয়াড় পরের কোচের কৌশলে হয়ে গেছেন বেমানান। রয়টার্সের বিশ্লেষণেও উঠে এসেছে, বিপুল অর্থ খরচ করেও দল গঠনে ভারসাম্য আনতে পারেনি ইউনাইটেড। গত গ্রীষ্মে মাঝমাঠে প্রায় ১৫ কোটি পাউন্ড ব্যয় করলেও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে। মালিকানা ও পরিচালনা নিয়েও সমর্থকদের ক্ষোভ দীর্ঘদিনের।

এবারের মৌসুমে সেই সংকট আরো গভীর। ২৩ নভেম্বর পর্যন্ত ১১ ম্যাচে মাত্র এক জয়, পাঁচ ড্র ও পাঁচ হারে আট পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে ইউনাইটেড। ২২ নভেম্বর পচেত্তিনোর অভিষেক ম্যাচেই লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। লেনি ইয়োরোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায় ইউনাইটেড।

ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে ইউনাইটেড পাঁচবার অবনমিত হয়েছে; সবশেষ ১৯৭৩-৭৪ মৌসুমে। পরের বছরই দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসে দলটি। প্রিমিয়ার লিগ চালুর পর আর অবনমন হয়নি। কিন্তু এবার ১৯ নম্বরে নেমে যাওয়ায় সেই পুরোনো আশঙ্কা আবার আলোচনায়।

সমস্যাটা কেবল গোল না পাওয়া কিংবা ম্যাচ হারা নয়। যে ক্লাব এক সময় প্রতিপক্ষকে নিজের ছন্দে নাচাত, এখন সে নিজেই ছন্দ খুঁজছে। ফার্গুসন চলে যাওয়ার পর ইউনাইটেড অনেক কোচ বদলেছে, অনেক খেলোয়াড় কিনেছে, অনেক প্রতিশ্রুতি শুনিয়েছে। কিন্তু বদলায়নি শুধু সংকটের ঠিকানা। ওল্ড ট্রাফোর্ডের আকাশে এখন প্রশ্ন একটাই—আবার কবে ফিরবে সেই পুরোনো ইউনাইটেড?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন