ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক কেড়ে নিলেন ট্রাম্প

ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক কেড়ে নিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিয়মনীতির কথা কারো অজানা নয়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন তিনি। মেয়েদের খেলায় নিষিদ্ধ করেছেন ট্রান্সজেন্ডার নারীদের। তারই জেরে এবার যুক্তরাষ্ট্রের ট্রান্সজেন্ডার সাঁতারু লিয়া টমাসের ওপর ব্যক্তিগত অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। তার রেকর্ড মুছে ফেলার পাশাপাশি শিগগিরই পদক কেড়ে নেওয়া হবে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস এবং প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে সোনা জেতেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।

তার বিরুদ্ধে অভিযোগ করেন অনেক নারী। এর আগে ছেলেদের বিভাগে অংশ নেওয়া লিয়া টমাসের র‍্যাঙ্কিং ছিল ৪৬২তম। কিন্তু মেয়েদের বিভাগে অংশ নেওয়ার পর উঠে আসেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এতে স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নারী সাঁতারুরা।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মেয়েদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ আদেশ উচ্চবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও তৃণমূল পর্যায়ের খেলায় প্রযোজ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন