বার্সেলোনার প্রতিভা অন্বেষণের ‘আঁতুড়ঘর’ হিসেবে খ্যাত লা মাসিয়া। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠা সব তারকা-মহাতারকার উঠে আসা লা মাসিয়ার সবুজ গালিচা মাড়িয়ে। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা থেকে শুরু করে এই তালিকায় আছেন হালের পেদ্রি ও গাভিরা। সবশেষ সংযোজন লামিনে ইয়ামাল, মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যে তরুণ। ২০২৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া ইয়ামালকে সেরা তিনের একজন ধরা হচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে তার পারফরম্যান্সই তাকে দাঁড় করিয়ে দিয়েছে আলোচনায় কেন্দ্রবিন্দুতে।
২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে বার্সেলোনা। লা লিগার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতে এই কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল। কাতালানদের ট্রেবল জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোলের সঙ্গে ২৫টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। পরিসংখ্যানের হিসেবে ঠিক বোঝানো যাবে না, মাঠের ডান দিক দিয়ে ঠিক কতটা ভয়ংকর রূপে নিজেকে জানান দিয়েছেন ইয়ামাল। তার ড্রিবলের কাছে খাবি খেয়েছে প্রতিপক্ষের রক্ষণ। মৌসুমজুড়ে ২৬০টি ড্রিবলের ভেলকি দেখিয়েছেন স্প্যানিশ তরুণ, যা সবশেষ মৌসুমে ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে সর্বোচ্চ।
জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও নিজেকে চিনিয়েছেন বার্সেলোনার বিস্ময়বালক। ইউরোপ সেরার ২০২৪ সালের মঞ্চে স্পেনকে চ্যাম্পিয়ন করে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ইয়ামাল। বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। তিনি টুর্নামেন্টে একটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন, যা ১৯৮০ সাল থেকে যে কোনো একক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। এছাড়া তিনি টুর্নামেন্টের নকআউট পর্বের (কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল) প্রতিটি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় ইয়ামাল। জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচ খেলেছেন ইয়ামাল। তাতে ২৫ গোলের সঙ্গে করেছেন ৩৪ অ্যাসিস্ট। দুটি লা লিগার পাশাপাশি একটি করে জিতেছেন স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে ৬ গোলের সঙ্গে আছে ৯ অ্যাসিস্ট। জাতীয় দলের জার্সিতে উঁচিয়ে ধরেছেন ২০২৪ ইউরোর শিরোপা। ব্যক্তিগত অর্জনে আছেন স্পেনের ২০২৪ সালের সেরা তরুণ খেলোয়াড় ও ২০২৫ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সব মিলিয়ে মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল যা করেছেন, তাতে তার অর্জনের ঝুলিতে ব্যালন ডি’অর যোগ হলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

