সিনিয়র দলের মতো পিটার বাটলারের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলও এশিয়ান কাপের মূল পর্বেও উঠার ইতিহাস গড়েছে। এ সাফল্যে অনেক খুশি বাংলাদেশ দলের ইংলিশ কোচ। লাওস থেকে বাফুফেকে পাঠানো ভিডিও বার্তায় নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন বাটলার। এবার বাংলাদেশ সিনিয়র নারী ফুটবলকে নিয়ে ভাবনা তার। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশকে ১০০ এর নিচে আনতে চান তিনি। সম্প্রতি ২৪ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ১২৮ থেকে ১০৪ নম্বরে উঠে আসে বাংলাদেশ নারী দল।
বাটলার জানান, র্যাংকিংয়ে বাংলাদেশের বিপ্লব হয়েছে। গত বছর চাইনিজ তাইপে থেকে যাত্রা শুরু হয়েছিল, সেটি র্যাংকিংয়ে উন্নতির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। তার মতে, মেয়েরা যা অর্জন করেছেন, এজন্য তাদের প্রশংসা ও স্বীকৃতি প্রাপ্য। বাটলার বলেন, ‘আমি মনে করি, এটি (র্যাংকিং) খুব দ্রুত নেমে আসতে পারে, আবার খুব দ্রুত উপরেও যেতে পারে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং আবারও চেষ্টা চালিয়ে যেতে হবে। ধৈর্যের সঙ্গে চেষ্টা করতে হবে ফিফা র্যাংকিং ধরে রাখার এবং এটিকে ১০০-এর নিচে যেন নামিয়ে আনা যায়।’
বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারের পর কোচ বাটলারের খেলার কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে নারী দলের কোচ জানিয়ে দিলেন, খেলোয়াড়দের মধ্যে কারো জ্বর ছিল, চোট ছিল- সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে যেভাবে খেলেছে মেয়েরা, তাতে খুশি তিনি। কেননা অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। রক্ষণাত্মক কৌশলে খেলতে পারত বাংলাদেশ। কিন্তু মেয়েদের স্বাভাবিক খেলাটাই চেয়েছিলেন কোচ বাটলার। যে কারণে গোল ধরে রাখার জন্য খেলোয়াড়ের নিচে নামিয়ে খেলাননি। এভাবে খেলেই মেয়েদের সামগ্রিক পারফরম্যান্স তুষ্ট কোচ বাটলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

