সেইফার্টের ফিফটিতে নিউজিল্যান্ডের বড় জয়

সেইফার্টের ফিফটিতে নিউজিল্যান্ডের বড় জয়

জিম্বাবুয়ে বাদ পড়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল খেলবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তাই দুই দলের মধ্যকার মঙ্গলবারের (২২ জুলাই) ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। যেখানে কিউইদের কাছে পাত্তা পায়নি প্রোটিয়ারা। টিম সেইফার্টের ফিফটিতে তাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জাকারি ফকস, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৪ রানে থামে দক্ষিণ আফ্রিকা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন সেইফার্ট ও ডেভন কনওয়ে। কনওয়ে ১৮ বলে ১৯ রান করে ফিরে যান। কিছুক্ষণ পর মাত্র ৩ রান করে ফিরে যান। ১০ রান করে বিদায় নেন মার্ক চ্যাপম্যান। তাদের দলীয় রান তখন ৮৪।

বিজ্ঞাপন

এরপর আর কোনো বিপদ হয়নি নিউজিল্যান্ডের। চতুর্থ উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে নিরবচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন সেইফার্ট। ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছয়ের মারে। ২০ রানে অপরাজিত থাকেন মিচেল। নিউজিল্যান্ডের পতন হওয়া ৩ উইকেটের মধ্যেই দুইটাই নেন সেনুরান মুথুসামি। ২৪ রান খরচ করেন তিনি।

এর আগে ৩৭ বলে ৪ চার ও এক ছয়ের সাহায্যে ৪১ রানের ইনিংস খেলেন রেজা হেনরিকস। ১৫ বলে ২৩ রান এনে দেন জর্জ লিন্ডে। ১৪ রান আসে রসি ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে মিলনে, স্যান্টনার ও ডাফি দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৩৪/৮ (২০ ওভার); হেনরিকস ৪১, লিন্ডে ২৩; মিলনে ২/২১

নিউজিল্যান্ড: ১৩৫/৩ (১৫.৫ ওভার); সেইফার্ট ৬৬*, মিচেল ২০*; মুথুসামি ২/২৪

ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা: টিম সেইফার্ট

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন