দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের গোলবন্যা

বিশ্বকাপ বাছাই শেষে প্রীতি ম্যাচে মাঠে নেমেও ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রাখলো ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে কোরিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে ৫-০ ব্যবধানের বড় জয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করলো সেলেসাওরা। দলের জয়ে দুটি করেন গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো। অন্য গোলটি করেছেন ভিনিসিউস জুনিয়র।

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় ব্রাজিল। তাতে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় সাম্বার ছন্দধারীরা। দারুণ রক্ষণচেরা পাস বাড়ান ব্রুনো গিমারাইস, চোখের পলকে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভো।

বিজ্ঞাপন

পরক্ষণেই কাসেমিরো জাল খুঁজে নিলেও তার গোল বাতিল হয় অফসাইডে। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ভিনিসিউসের কাটব্যাকে কাসেমিরোর পাসে জাল খুঁজে নেন রদ্রিগো। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল এবং দুই মিনিটের মধ্যে আরও দুটি গোলও পেয়ে যায় তারা। ৪৭তম মিনিটে কিম মিন-জের পাস পেয়ে যান এস্তেভো, বল ধরে ক্ষীপ্রতায় এগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে আট ম্যাচে তার গোল হলো তিনটি।

এক মিনিট বাদেই দলের হয়ে চতুর্থ গোলটি করেন রদ্রিগো। আক্রমণভাগের বাকি দুজন যখন নাম তুলেছেন, ভিনিসিউস বাকি থাকবেন কেন? ৭৭তম মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন ভিনিসিউসও। প্রতি-আক্রমণে মাথেউস কুইয়ার পাস পেয়ে ক্ষিপ্রগতিতে সবাইকে পেছনে ফেলে ছুটে আসা ডিফেন্ডারকে কাটিয়ে ঠাণ্ডা মাথার শটে পরাস্ত করেন গোলরক্ষককে।

এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন