স্প্যানিশ লা লিগায় জিততেই ভুলে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। চলতি মাসে প্রথম ৩ লিগ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। যেখানে এক হারের বিপরীতে বাকি দুটিতে পয়েন্ট ভাগ করেছে তারা। অবশেষে স্পেনের শীর্ষ লিগে জয়ের দেখা পেল লস ব্লাঙ্কোসরা। রোববার দিবাগত রাতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে জায়ান্টরা।
এ জয়ে টেবিলের দুইয়ে ফিরেছে রিয়াল। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। রিয়ালের চেয়ে গোল গড়ে এগিয়ে আছে কাতালানরা। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শীর্ষ ৩ দলের সামনেই শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ২ অর্ধে একবার করে জালের দেখা পায় রিয়াল। ৪০ মিনিট পর্যন্ত অক্ষত ছিল জিরোনার গোলমুখ। অবশেষে ৪১ মিনিটে দারুণ এক গোল করে মাদ্রিদের প্রতিনিধিদের এগিয়ে নেন ক্রোয়াট তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষের ডি বক্সে কিলিয়ান এমবাপ্পের পাস পান ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রথম ছোঁয়ার শটেই জালে জড়ান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

