এজবাস্টন যেন ‘অপয়া’ এক ভেন্যু। ভারতীয় ক্রিকেট টিম এ কথা বলতেই পারে। কেননা, এখানে এখনো জয়ের দেখা পায়নি এশিয়ার দলটি। এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলে হার মেনেছে ৭টিতেই। প্রাপ্তি বলতে মাত্র একটি ড্র। এজবাস্টনে সর্বশেষ ভারতীয়রা টেস্ট খেলেছিল ২০২২ সালে। সেই ম্যাচে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। জনি বেয়ারস্টো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দুই ইনিংসেই। সেই দুর্ভাগ্যটা এবার ঝেড়ে ফেলতে চায় ভারত। বার্মিংহ্যামে এবার প্রথম জয় ছিনিয়ে নিতে চায় সফরকারীরা। লক্ষ্যটা সামনে রেখে আজ বুধবার দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ সেই একইÑইংল্যান্ড। বার্মিংহ্যামে দুদল মাঠে নামছে বিকাল ৪টায়।
আর ইংল্যান্ড ধরে রাখতে চায় তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ছন্দটা। লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে জিতে ৫ ম্যাচের সিরিজে এখন ১-০ এগিয়ে ক্যাপ্টেন বেন স্টোকসের দল। ভারতের ৮ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ভারত। বেন ডাকেটের সেঞ্চুরিতে ইংলিশরা হেসেখেলেই পেরিয়ে যায় সেই টার্গেট।
ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে দ্যুতি ছড়াতে প্রস্তুত হ্যারি ব্রুক আর জো রুট। পাল্টা জবাব দিতে নিজেদের ঝালাই করে রেখেছেন যশস্বী জয়সওয়াল ও রিশব পন্ত। পেসঝড় তুলতে মুখিয়ে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ। বল হাতে তোপ দাগিয়ে লড়াইটা জমিয়ে তুলতে মাঠে থাকবেন ব্রাইডন কার্সও। তার সঙ্গে স্পিনজাদু দেখাতে আছেন শোয়েব বশির। সন্দেহ নেই, ভারত-ইংল্যান্ডের এই চার তারকা ক্রিকেটারের ওপর নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
টেস্ট শুরুর দুদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে একাদশে কোনো বদল আনেনি স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের দলে ডাক পেলেও একাদশে জায়গা হয়নি জোফরা আর্চারের। ধারণা করা হচ্ছিল, এই ম্যাচ দিয়েই টেস্ট একাদশে ফিরবেন আর্চার। চোটের ধকল কাটিয়ে উঠতে না পেরে ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে টেস্ট দর্শক ছিলেন। তবে গত সপ্তাহে আর্চার প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সাসেক্সের হয়ে। একটি উইকেটও পান ৩০ বছরের এ তারকা পেসার।
ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বশির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

