অসংখ্য ব্যক্তিগত অর্জন ধরা দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও দারুণ একটি কীর্তি হাতছানি দিচ্ছে সাত নম্বর জার্সিধারীকে। যদিও রোনালদো জানালেন, ব্যক্তিগত অর্জনে নিয়ে ভাবেন না তিনি। তার পুরো মনোযোগ দলীয় সাফল্যে।
সৌদি প্রো লিগে শুক্রবার দিবাগত রাতে আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসের। কিংডম অ্যারেনায় জোড়া গোল করে সফরকারীদের জয়ের নায়ক বনে গেছেন রোনালদো। বর্তমানে পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোল সংখ্যা ৯৩১টি। অর্থ্যাৎ আর মাত্র ৬৯ বার জালের দেখা পেলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করবেন রোনালদো।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘দলীয় প্রচেষ্টার কারণে আমরা এই জয় পেয়েছি। আমার গোলদুটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও এএফসি চ্যাম্পিয়নস লিগে দলের শিরোপা জয়ের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবি না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

