কোচের প্রশংসায় ভাসলেন তামিম

কোচের প্রশংসায় ভাসলেন তামিম

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে অন্য দল ছিল দক্ষিণ আফ্রিকা। বুধবার দেশের মাটিতে পা রেখেই নিজেদের নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আসন্ন যুব বিশ্বকাপের জন্য মানসিক ও শারীরিকভাবে পুরোদমে প্রস্তুত হওয়াই এখন তার দলের লক্ষ্য বলে জানিয়েছেন তামিম।

তিন জাতি এই সিরিজে বাংলাদেশ সবমিলিয়ে ৭টি ম্যাচ খেলে। ফাইনালসহ জিতে ৬ ম্যাচে। ফাইনালে হারায় দক্ষিণ আফ্রিকাকে।

বিজ্ঞাপন

২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় তাই বাড়তি সুবিধার। এবারের আসরে দলের সবাই সমানে জ্বলে উঠেছেন। সেটাই বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চান বলে জানিয়েছেন তামিম, ‘দেখুন, সবকিছুই আল্লাহর হাতে। আমরা সেভাবেই চেষ্টা করছি, সেভাবে প্রিপারেশন, সবকিছু ওইভাবেই নেওয়া। এক বছর ধরে আমরা হার্ড ওয়ার্ক করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করছি।’

অন্যদিকে, অধিনায়ক তামিমসহ পুরো দলের প্রশংসা করেছেন দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। কঠিন কন্ডিশনে ক্রিকেটাররা মানিয়ে নেওয়ায় খুশি নাভিদ বলেন, ‘আমি মনে করি একটি দল হিসেবে আমরা সত্যিই খুব ভালো পারফর্ম করেছি। এটা এক দীর্ঘ, ক্লান্তিকর সফর ছিল। আমরা ৩০ দিনে ১১টি ম্যাচ খেলেছি, এটা সহজ ছিল না। ভ্রমণ, ক্রিকেট এবং প্রশিক্ষণ মিলিয়ে একটি কঠিন সফর ছিল।’ তামিমকে ‘নেতা’ অ্যাখা দিয়ে নাভিদ আরো বলেন, ‘তামিম ভালো নেতা এবং সে গত এক বছর বা তারও বেশি সময় ধরে দেখিয়েছে যে, সে দলটিকে ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম এবং সে খুবই দক্ষ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন