খেলাধুলায় ভালো করার মূল বিষয়ই ফিটনেস। এরই অংশ হিসেবে ক্রিকেটারদের ফিটনেসকে সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে বিসিবি। আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে মিরপুরে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে ফিটনেস অনুশীলন করছে জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের অনুশীলন কেমন হচ্ছে সেটা জানাতেই আজ মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন কেলি। সেখানেই জানান ক্রিকেটাদের আরও ভালো অ্যাথলেট বানাতে চান।
দলের ফিটনেস অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘এখানে পাশ-ফেইল বড় বিষয় নয়। কার কোথায় শক্তি আর কোথায় দুর্বলতা, ফিটনেস কেমন তা বুঝতে পারাই মূল লক্ষ্য। জাতীয় স্টেডিয়ামেও কিছু টেস্ট হয়েছে। স্প্লিন্ট, কন্ট্রোল... নাহিদ অসাধারণ পারফরম্যান্স করেছে। গ্রুপ হিসেবে আরও ভালো হওয়ার চেষ্টা করছি। এখানেও কিছু স্ট্রেন্থ টেস্টিংয়ের পরামর্শ দিয়েছি। ছেলেদের অনেক উন্নতি হয়েছে।’
ক্রিকেটারদের এখন অ্যাথলেট হয়ে ওঠা জরুরি জানিয়ে নাথান কেলি বলেন, ‘ছেলেরা এখন অনেক টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে। তাদের শুধু ক্রিকেটে উন্নতি করলেই হবে না, অ্যাথলেট হিসেবেও উন্নতির জায়গা আছে। ছেলেরা অনেক কঠোর পরিশ্রম করছে। ঐ কন্ডিশনের কথা মাথায় রেখে আমরা কাজ করেছি। আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো বড় সময় ধরে ফিজিক্যাল ওয়ার্ক করতে না পারা।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি যে স্পোর্টসেই খেলুন না কেন আপনাকে ভালো অ্যাথলেট হতে হবে। আপনাকে ফিট হতে হবে, পাওয়ারফুল হতে হবে। শীর্ষ দুই ক্রিকেট ন্যাশন দেখুন, তাদের সবাই ফিট এবং পাওয়ারফুল অ্যাথলেট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় ১৫ সপ্তাহ ধরে কাজ করে প্রি-সিজনে। আমাদের সময় কম। এই সময়েই আমাদের চেষ্টা করতে হবে।’
ক্রিকেটারদের প্রতি আরও পরামর্শ দিয়ে কেলি বলেন, ‘অ্যাথলেটদের নেচার দিন শেষে একরকম। আমরা অ্যাথলেটিক ক্রিকেট প্লেয়ার চাই। যা তাদের ভালো খেলার স্বাধীনতা দিবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংও আরও ভালো হবে। মনোযোগ ধরে রাখা সহজ হবে। ফাস্ট বোলাররা দীর্ঘ স্পেল করতে হবে। এটা শুধু ক্রিকেট দিয়ে কথা নয়, সব খেলাতেই অ্যাথলেটিক ফিটনেস প্রয়োজন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

