চ্যাম্পিয়নস ট্রফির চতুর্থ ম্যাচে শনিবার (২২ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচটিতে ভুলে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট বলের লড়াই শুরুর হওয়ার আগে নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গী বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর কথা ছিল। যদিও ভুলটা হয়েছে এখানেই। অস্ট্রেলিয়ার পরিবর্তে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে শোনা যায় ভারতের জাতীয় সঙ্গীত। অবশ্য কয়েক সেকেন্ড পর সেটা বন্ধ করা হয়।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজানোয় আইসিসির প্রতি চরম ক্ষুব্ধ পিসিবি। আইসিসির টুর্নামেন্ট হওয়ায় ওই ভুলের জন্য বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাকে দায়ী করেছে সংস্থাটি। ইতোমধ্যে আইসিসির কাছে এমন ভুলের ব্যাখ্যাও চাওয়া হয়েছে। পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকেইনফো।
হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। এই নিয়মে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ের মাটিতে। তাই লাহোরের ম্যাচের প্লে লিস্টে কেন ভারতের জাতীয় সঙ্গীত রাখা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পিসিবির মতে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে আয়োজক হিসেবে পাকিস্তানকে ছোট করেছে আইসিসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

