পিচ নিয়ে এখনও গোলকধাঁধায় ওয়েস্ট ইন্ডিজ

পিচ নিয়ে এখনও গোলকধাঁধায় ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিলেটে আসার পর থেকেই তাই অনুশীলন-প্রস্তুতিতে বেশ খোশমেজাজে সফরকারী দল। সংবাদ সম্মেলনেও বেশ নির্ভার ছিলেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তবে ঢাকার মতোই সিলেটের উইকেট নিয়েও গোলকধাঁধার মধ্যে আছে উইন্ডিজ। পিচ দেখে শেষ মুহূর্তে দল নির্ধারণ করবেন বলে জানিয়েছেন দলটির কোচ।

বিজ্ঞাপন

পিচ নিয়ে স্যামির মূল্যায়ন, 'পিচ দেখা হয়েছে। তবে ম্যাচের দিন দেখলেই একদম সঠিকভাবে পিচের মূল্যায়নটা করতে পারব। ঢাকায় সকালে পিচ দেখে আমাদের একাদশ চূড়ান্ত করতে হয়েছিল। আমাদের পরিকল্পনা ঠিক করা আছে। কারা খেলবে আর কারা খেলবে না প্লেয়াররা ব্যাপারটা ভালো করেই জানে। এখানের পিচের ইতিহাস দেখে মনে হচ্ছে, ব্যাটারদের রান করার ক্ষেত্রে এই মাঠ বেশ ভালো। অনেক ঘাস আছে পিচে, তবে কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

ঢাকা টেস্টের আগে উইকেট নিয়ে বেশ সন্দিহান ছিল ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে ঘাস দেখে কেমার রোচকে খেলানোর পরিকল্পনা করলেও স্পিন কন্ডিশন বুঝতে পেরে শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনে উইন্ডিজ। এই ম্যাচের আগেও এমন গোলকধাঁধার মধ্যে আছেন বলে জানিয়েছেন উইন্ডিজ কোচ, 'বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছিল, বিশেষ করে তাদের ফাস্ট বোলারদের যে কোয়ালিটি, আমরা নিশ্চিত ছিলাম না পিচের আচরণ কেমন হবে। স্পিন সহায়ক হবে নাকি পেস সহায়ক, ৩ স্পিনার নাকি ৩ পেসার, তা নিয়ে সন্দিহান ছিলাম। অস্ট্রেলিয়াতে তাদের পেসাররা যেভাবে বল করেছে, তা দেখে আমরা দ্বিধায় ছিলাম যে তারা আসলে আমাদের সামনে কেমন পিচ দেবে। কালকে যদি পেস সহায়ক উইকেট হয়, আমাদের কেমার রোচ আছে। শেষ ম্যাচে আমাদের তাকে বাদ দিতে হয়েছে। যদি শেষ মুহূর্তে তারা ঘাস ছেঁটে ফেলে তাহলে আমাদেরও ভালো সামর্থ্যবান প্লেয়ার রয়েছে দলের ব্যালান্স ধরে রাখার জন্য। দেখা যাক সকালে কী হয়।'

চলতি বছর কোনো টেস্ট ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। গত ৩২ বছরে এমন ঘটনা ঘটেছে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। এই ধারা অব্যাহত রেখে সিলেট টেস্টেও বাংলাদেশকে হারাতে চায় ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই জানিয়েছেন তাদের কোচ।

স্যামি বলেন, 'আমাদের কাছে সাফল্য মানে এগিয়ে যাওয়া। প্রতিপক্ষ আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেই, সেসব মেনেই এগোতে হবে। আমরা এখানে ২-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্যেই এসেছি। এখন ভালো অবস্থানে আছি সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে। বাংলাদেশ এবং ফিলকে আমি চিনি, তারা আমাদের চেপে ধরবে। তবে আমাদেরও ভালো প্রস্তুতি রয়েছে। আমরা জানি যে আমরাও চাইলে কাউন্টার অ্যাটাক করতে পারি।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন