বিশ্বকাপে চার নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে চার নতুন নিয়ম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলের চিরচেনা নিয়মে আসছে বড় পরিবর্তন। খেলার গতি বাড়ানো, সময়ক্ষেপণ কমানো, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাঠে শৃঙ্খলা নিশ্চিত করতে চারটি নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ফুটবলপ্রেমীদের জন্য নিচে নিয়মগুলো উদাহরণসহ তুলে ধরা হলো।

বিজ্ঞাপন

সময় নষ্ট করলেই কঠোর শাস্তি

ম্যাচে এগিয়ে থাকা দলগুলো প্রায়ই সময় নষ্ট করতে নানা কৌশল নেয়। এবার সে সুযোগ অনেকটাই কমে যাচ্ছে। নতুন নিয়মে গোলকিপার আট সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারবেন না। থ্রো-ইন নিতে দেরি করলে বলের দখল প্রতিপক্ষ পাবে। বদলি খেলোয়াড় ১০ সেকেন্ডের মধ্যে মাঠে নামতে না পারলে তাকে অপেক্ষা করতে হবে। ধরা যাক, ব্রাজিল ১-০ গোলে এগিয়ে। ম্যাচের শেষদিকে গোলকিপার অ্যালিসন ইচ্ছাকৃতভাবে বল ধরে রাখলেন ১০ সেকেন্ড। নতুন নিয়ম অনুযায়ী রেফারি ব্রাজিলকে গোল কিক না দিয়ে প্রতিপক্ষকে কর্নার কিক দেবেন। আবার কোনো খেলোয়াড় ধীরগতিতে মাঠ ছাড়লে বা বদলি খেলোয়াড় সময়মতো মাঠে ঢুকতে না পারলে দলটি সাময়িকভাবে একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হতে পারে। এর ফলে ম্যাচের গতি বাড়বে ও সময়ক্ষেপণ কমবে।

ভিএআরের ব্যবহার আরো বিস্তৃত

বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং প্রযুক্তিকে আরো শক্তিশালী করছে ফিফা। নতুন নিয়মে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তও ‘ভিএআর’ দিয়ে যাচাই করা যাবে। কর্নার কিকের সিদ্ধান্তেও প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। ধরা যাক, আর্জেন্টিনার এক খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন। আগে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকত। এখন ভিএআর দেখে নিশ্চিত হওয়া যাবে ফাউলটি আদৌ কার্ডযোগ্য ছিল কি না। আবার বল কর্নার, নাকি গোল কিকÑএ বিতর্কিত সিদ্ধান্তও প্রযুক্তির সাহায্যে নির্ভুল করা হবে। ফলে ভুল সিদ্ধান্ত ও রেফারির ওপর চাপ কমবে। ম্যাচও হবে আরো নিরপেক্ষ।

বাধ্যতামূলক ‘কুলিং ব্রেক’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গরম আবহাওয়ার কথা মাথায় রেখে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি গুরুত্ব দিচ্ছে ফিফা। নতুন নিয়মে প্রতি অর্ধে একটি করে তিন মিনিটের কুলিং ব্রেক থাকবে। গরম না থাকলেও নিয়মটি কার্যকর থাকবে। মেক্সিকোর গরম আবহাওয়ায় দুপুরের ম্যাচে খেলোয়াড়রা দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন। ৩০ মিনিট পর রেফারি খেলা থামিয়ে দুদলকে পানি পান ও বিশ্রামের সুযোগ দেবেন। এর ফলে খেলোয়াড়দের ফিটনেস বজায় থাকবে, হিটস্ট্রোক বা ডিহাইড্রেশনের ঝুঁকি কমবে, শেষ পর্যন্ত ম্যাচের গতি ধরে রাখাও সহজ হবে।

মুখ ঢেকে কথা বললে কঠোর ব্যবস্থা

মাঠে প্রায়ই দেখা যায় খেলোয়াড়রা মুখ ঢেকে কথা বলেন। এতে গোপনে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। নতুন নিয়মে সেটা করলেই কঠোর ব্যবস্থা। মুখ ঢেকে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করলে সরাসরি লাল কার্ড দেওয়া যাবে। কোনো খেলোয়াড় হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে বর্ণবাদী মন্তব্য করলে এবং তা প্রমাণিত হলে রেফারি তাকে সরাসরি মাঠ থেকে বের করে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো আপত্তি টিকবে না। এর ফলে মাঠে শৃঙ্খলা বাড়বে; বর্ণবাদ ও অপমানজনক আচরণ কমবে এবং খেলোয়াড়দের আচরণে আরো সতর্কতা আসবে।

ফিফার মতে, আধুনিক ফুটবলকে আরো দ্রুত, স্বচ্ছ ও দর্শকবান্ধব করতেই এ পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে সময়ক্ষেপণ ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কমাতে প্রযুক্তি ও কঠোর নিয়মের সমন্বয় করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপ তাই শুধু দল ও তারকার লড়াই নয়, নতুন নিয়মের পরীক্ষামঞ্চ হিসেবেও ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...