ক্রিকেট বিশ্বে নতুন এক ইতিহাস রচিত হলো। দীর্ঘ ১৩ বছর পর পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সি তরুণ ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ক্রিস গেইলের বিখ্যাত ১৭৫ রানের অমর রেকর্ড ভেঙে এখন বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে এই তরুণ ব্যাটার।
সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্লুমফন্টেইনে নাইটসের মুখোমুখি হয়েছিল টাইটানস। ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড়সমান সংগ্রহ গড়ে টাইটানস। দলের হয়ে দানবীয় এক ইনিংস খেলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। মাত্র ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।
এতদিন পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ডটি এককভাবে ধরে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর গেইলের সেই রাজত্ব ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ।
ইনিংসটি সাজাতে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস হাঁকান ১৫টি চার এবং ১৩টি বিশাল ছক্কা। মাত্র ২৪ বলে ফিফটি এবং ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ৫৮ বলেই পৌঁছে যান দেড়শ রানের কোটায়। তবে আর মাত্র ১২ রান করতে পারলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তা সত্ত্বেও তার এই ৭৯ বলের ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম বলের খেলার রেকর্ডও বটে (২০১৮ সালে অ্যারন ফিঞ্চ ও ২০২০ সালে মার্কাস স্টয়নিসের পর)।
প্রিটোরিয়াসের এই টর্নেডো ইনিংসে ভর করে টাইটানস সংগ্রহ করে বিশাল স্কোর। জবাবে ব্যাট করতে নেমে টাইটানস বোলারদের তোপে ১৪৩ রানেই গুটিয়ে যায় নাইটস। ফলে ১২৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটানস। স্বভাবসুলভভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে বিশ্বরেকর্ড গড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের হাতেই।
২০ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার এর আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গত বছর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে দেশটির ১৩৬ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের ঘরোয়া আসরে প্রথম ম্যাচেই এমন রেকর্ড গড়ার পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে তাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

