মাঠের বাইরের নানান ইস্যুতে টালমাটাল বিসিবি। এরই মধ্যে গত রবিবার অনলাইন বোর্ডসভায় অডিট রিপোর্ট নিয়ে হয়েছিল আলোচনা। লম্বা সময় আলোচনা হওয়ায় সেই সভা মুলতবি করা হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সভার বাকি অংশে পাশ করানো হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের অডিট রিপোর্ট। পাশাপাশি স্থানীয় কোচদের চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সভা শেষে এক বিবৃতিতে অডিট রিপোর্ট পাশ হওয়ার কথা জানায় বিসিবি। পাশাপাশি জানানো হয় খুব দ্রুতই এই অডিট রিপোর্ট বিসিবির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। বিসিবির এক শীর্ষ পরিচালক দৈনিক আমার দেশকে জানান, অডিট রিপোর্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও আইসিসির অনুমোদনের পর বিসিবির ওয়েবসাইটে দেওয়া হবে।
অডিট রিপোর্টের পাশাপাশি স্থানীয় কোচদের চাকরি স্থায়ী করার বিষয়েও আলোচনা হয় বিসিবির এবারের বোর্ডসভায়। এতোদিন জেলা-বিভাগ এমন কী বয়সভিত্তিক ক্রিকেটে কোচ নিয়োগ করা হতো বিভিন্ন মেয়াদে। তবে এখন থেকে তেমন কোনো চুক্তি করতে চায় না বিসিবি। ক্রিকেট বোর্ডের অধীনে থাকা কোচদেরকে স্থায়ী ও লম্বা সময়ের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির এবারের বোর্ডসভা আরও লম্বা হওয়ার সুযোগ থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনী-মোহামেডান ম্যাচ চলায় আগেভাগেই সভাত সমাপ্তি টানা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

