লুক্সেমবার্গের জালে এক হালি গোল জার্মানির

লুক্সেমবার্গের জালে এক হালি গোল জার্মানির

বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে জার্মানি। লুক্সেমবার্গকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। তাদের জয়টা এসেছে ৪-০ গোলে। জার্মানদের হয়ে জোড়া গোল করেন জশুয়া কিমিখ। একবার করে জালের দেখা পান ডেভিড রাউম ও সের্গে জিনাব্রি।

জার্মানি এগিয়ে যায় দ্বাদশ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে রাউমের বাঁকানো ফ্রি কিকে বল কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে পায়। ২০তম মিনিটে ডি-বক্সে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবল করায় লাল কার্ড দেখেন ডিফেন্ডার কার্লসেন এবং পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই জোড়া গোল আদায় করে নেয় জার্মানরা। ৪৮তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জিনাব্রি। এর দুই মিনিট পর গোলমুখে টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন ডিফেন্ডার কিমিখ।

এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠেছে জার্মানি। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে তিনে নেমে গেছে স্লোভাকিয়া। আগের মতো দ্বিতীয় স্থানেই আছে নর্দান আয়ারল্যান্ড। এই তিন দলেরই পয়েন্ট সমান ৬ করে। তিন ম্যাচ খেলে সবগুলোই হেরেছে র‌্যাঙ্কিংয়ের ৯৬ নম্বর দল লুক্সেমবার্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন