বিশ্বকাপের আগে নিজেদের শক্তির জানান দিল ইরাক। প্রস্তুতি ম্যাচে ইউরোপিয়ান পরাশক্তি স্পেনের মাঠে গিয়ে ১-১ গোলের ড্র করে চমক দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য থাকলেও ইরাকের দৃঢ় রক্ষণ আর কার্যকর প্রতিআক্রমণের সামনে জয় তুলে নিতে পারেনি লা রোহা।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে স্বাগতিকরা। গোলমুখে মোট ১৮টি শট নেয় তারা, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। তবে এত সুযোগ তৈরি করেও মাত্র একবারই জালের দেখা পায় স্প্যানিশরা।
ম্যাচের ১৬তম মিনিটে দানি ওলমোর বাড়ানো বল থেকে সহজ ফিনিশে স্পেনকে এগিয়ে দেন ফেররান তোরেস। গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিকরা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে।
তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় ইরাক। প্রথম গোল হজমের মাত্র ১১ মিনিট পর আকাম হাসিমের অ্যাসিস্ট থেকে সমতা ফেরান মেরকাস দোস্কি। কার্যত এটিই ছিল ইরাকের সবচেয়ে বড় আক্রমণ, আর সেটিকেই তারা গোলে পরিণত করে।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। একের পর এক আক্রমণ চালালেও ইরাকের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয়েছে স্প্যানিশ ফরোয়ার্ডদের।
পরিসংখ্যানেও ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। ইরাক ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে ছিল মাত্র ৩৭ শতাংশ সময়। তারা স্পেনের গোলবার লক্ষ্য করে শট নিতে পেরেছে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে। তবুও সুযোগ কাজে লাগানোর দক্ষতায় স্পেনকে রুখে দিয়ে মূল্যবান ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
বিশ্বকাপের আগে এই ফলাফল স্পেনের জন্য সতর্কবার্তা হলেও ইরাকের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর মতো এক অর্জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

