তিন সেঞ্চুরিতে আইসিসির মাসসেরা দিনুশা

তিন সেঞ্চুরিতে আইসিসির মাসসেরা দিনুশা

ভারতের বিপক্ষে ব্যাট হাতে স্বপ্নের মতো একটি সিরিজ কাটিয়েছেন সোনাল দিনুশা। তিন সেঞ্চুরিতে ৪২০ রান, সঙ্গে সিরিজ বাঁচানো এক দুর্দান্ত ইনিংস। এমন পারফরম্যান্সের স্বীকৃতি এবার মিলল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে। আগস্ট মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

দিনুশার দারুণ পারফরম্যান্সের সামনে পেছনে পড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি।

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিনুশা। দুই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৪২০ রান। ব্যাটিং গড় ছিল ১৪০। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন একটি হাফ সেঞ্চারিও।

তবে তাঁর এই কীর্তির মাহাত্ম্য আরও বাড়ে সিরিজের পরিস্থিতি বিবেচনা করলে। প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পেলেও দুই ইনিংসেই নিজের সামর্থ্যের ছাপ রাখেন দিনুশা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১০০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪। দলের হার ঠেকাতে না পারলেও ব্যক্তিগতভাবে নজর কাড়েন তিনি।

দ্বিতীয় টেস্টে অবশ্য শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দলের প্রয়োজনেও সামনে থেকে নেতৃত্ব দেন দিনুশা। সিরিজ হার এড়াতে জয়ের জন্য লড়ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১০৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১৩৩ রানে। তাঁর অসাধারণ ব্যাটিংয়েই ভারতকে রুখে দিয়ে ম্যাচ ড্র করে শ্রীলঙ্কা।

কলম্বো টেস্টে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন দিনুশা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন ধারাবাহিক পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দিয়েছে আইসিসির মাসসেরার স্বীকৃতি।

পুরস্কার পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে দিনুশা বলেছেন, ক্যারিয়ারের এত শুরুতেই এই স্বীকৃতি পাওয়া তাঁর কাছে অত্যন্ত অর্থবহ। এই সম্মানের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজটিকে নিজের ক্যারিয়ারের বিশেষ একটি অধ্যায় হিসেবেও দেখছেন এই অলরাউন্ডার। তিনটি সেঞ্চুরি করাকে তাঁর কাছে স্বপ্নের মতো অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে দিনুশা বলেছেন, কলম্বো ও গলে নিজেদের দর্শকদের সামনে ওই ইনিংসগুলো খেলতে পারায় মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে উঠেছে।

সিরিজের ফল নিজেদের পক্ষে না গেলেও দ্বিতীয় টেস্টে দলের ঘুরে দাঁড়ানোর ঘটনায় গর্বিত দিনুশা। তাঁর মতে, ওই ম্যাচে শ্রীলঙ্কার লড়াই দলের চরিত্র, বিশ্বাস ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে। সতীর্থদের সঙ্গে সেই লড়াইয়ের অংশ হতে পারাটাকেও তিনি গর্বের বলে মনে করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন