নিজের গড়া রেকর্ড অন্য কেউ ভেঙে দিলে কিছুটা খারাপ লাগা স্বাভাবিক। তবে রেকর্ডটি যদি ভাঙেন লিওনেল মেসি, তখন হিসাবটা বদলে যায়। সম্প্রতি ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তাই তো আজ নিজের জন্মদিনে ফুটবল দুনিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। নিজের রেকর্ড হারানোর পর ৪৮ বছর বয়সি ক্লোসা উদারচিত্তে জার্মানির গণমাধ্যম ‘ডয়েচে জেইতাং’কে বলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। অভিনন্দন চ্যাম্পিয়ন!’
বিগত ১২ বছর ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল ক্লোসার দখলে। চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ গোল করেছিলেন তিনি। আর মেসি নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে ২৮ ম্যাচে ১৮ গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন।
মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলবিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে মেসিকে ‘ইতিহাসের সেরা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেনোমেননখ্যাত রোনালদো বলেন, ‘যদি কেউ বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পাওয়ার যোগ্য হয়, তাহলে সেটা অবশ্যই মেসি।’
সুইডিশ ফুটবল কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের শূন্যতার সঙ্গে মেসির গোলবন্যার তুলনা টেনে রসিকতার সুরে ফক্স স্পোর্টসে বলেন, ‘জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে মেসি। দুই ম্যাচে তার পাঁচ গোল। আর আমি দুই বিশ্বকাপ খেলেও গোল করতে পারিনি। তাই আমি খুশি, তার জন্য খুবই খুশি।’
মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে দারুণ পরিপক্বতা ও শ্রদ্ধাবোধ দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ব্যক্তিগত লড়াইয়ের বিষয়টি উড়িয়ে দিয়ে ২৭ বছর বয়সি এই বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘মেসির সঙ্গে আমার কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সব সময়ই করবে। সে মাঠে কী করছে আমি তা দেখতে যাই না। কারণ, সেটা দেখতে গেলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।’
মেসির স্তুতি গেয়ে সতীর্থ জুলিয়ান আলভারেজ বললেন, ‘বেশি কিছু বলার নেই। ২০ বছর ধরে বিশ্বের সেরা, ইতোমধ্যেই ইতিহাসসেরা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

