সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিন আরও দাপুটে অবস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুটা মার্কাস অ্যাকারম্যানের ফিফটি দিয়ে। দিনের দ্বিতীয় ওভারে স্লিপ কর্ডনের ভেতর দিয়ে চার মেরে ফিফটি তুলে নেন তরুণ এই ব্যাটার। প্রথম সেশনের বাকিটা সময়ও এভাবেই দাপট দেখিয়েছেন এই ব্যাটার। ফিফটির পর পঞ্চাশ বলে সেঞ্চুরি, সেঞ্চুরির পর আরও ২৬ বলে দেড়শ'; প্রথম সেশনেই বাংলাদেশি বোলারদের রীতিমতো হতাশায় ভুগিয়েছেন এই ব্যাটার। প্রথম সেশনের শেষদিকে অ্যাকারম্যানকে ফিরিয়ে খানিকটা স্বস্তি আনেন শরিফুল ইসলাম। তবে তাতে খুব একটা ভাটা পড়েনি দক্ষিণ আফ্রিকার ইনিংসে। ডি জর্জি-উইয়ান মুল্ডারদের প্রচেষ্টায় লিড ইতোমধ্যে ৩১০ ছুঁয়েছে স্বাগতিকদের। ফলে ম্যাচ থেকে যে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ, সেটা এখন বলাই যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৬৪ রান করে অপরাজিত উইয়ান মুল্ডার, উইকেটের অন্য প্রান্তে ব্যাট করছেন মার্কো ইয়ানসেন (১১*)।
সেঞ্চুরিয়নে প্রথম দিন দক্ষিণ আফ্রিকান পেসারদের কাছে রীতিমতো অসহায় লেগেছে বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশি পেসাররা তেমন বিপদেই ফেলতে পারেননি প্রোটিয়া ব্যাটারদের। উল্টো দাপট দেখিয়ে প্রথম সেশনটা পার করে স্বাগতিকরা। ওই সেশনে কেবল ১ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে স্বাগতিকরা।
শরীফুলকে চার মেরে নিজের ফিফটির পাশাপাশি দলকে লিডও এনে দেন অ্যাকারম্যান। বাংলাদেশকে দিনের প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে ১ ঘণ্টারও বেশি সময়। জুবাইর হামজাকে ফিরিয়ে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন খালেদ আহমেদ। গালিতে দাঁড়ানো মাহফিজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান করেন হামজা।
আক্রমণের ধারা বজায় রেখে সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মেরে পৌঁছান তিন অঙ্কে। ফিফটি করেছিলেন ৬১ বলে। সেঞ্চুরিতে পৌঁছান ১১১ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ রান করতে ৫০ বল খেলেছেন তিনি। ৪ টেস্টে এটি অ্যাকারম্যানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে জোহানেসবার্গ টেস্টেও সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটার।
সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন অ্যাকারম্যান। ১১১ বলে সেঞ্চুরিতে পৌঁছানো এই ব্যাটার ১৫০ ছুঁয়েছেন ১৩৭ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ রান করতে বল খেলেছেন মাত্র ২৬টি। শরিফুলকে চার মেরে ১৫০-এ পৌঁছানোর পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অ্যাকারম্যান।
লাঞ্চের পরপরই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন খালেদ। ৫৩তম ওভারে ম্যাথু ব্রিটজকিকে ফিরিয়েছেন এই পেসার। উইকেটে থিতু হলেও এদিন ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৯ বলে করেছেন ২০ রান। একই পথে হেটেছেন রায়ান রিকেলটন। ২০ রান করে শরিফুলের শিকার হয়েছেন তিনি।
তবে উইকেটের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ১০ রানে থাকা অবস্থায় ব্রিটজকির ক্যাচ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ রানে টনি ডি জর্জির ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদ। সেই জর্জি আউট হয়েছেন ৬৬ রানে।
চা বিরতির পর দ্বিতীয় নতুন বল পেয়ে জর্জিকে ফেরান তাসকিন। তবে অন্য প্রান্তে হাল ধরে রেখে ফিফটি তুলে নেন উইয়ান মুল্ডার। সপ্তম উইকেটে মার্কো ইয়ানসেনকে নিয়ে লক্ষ্যটা ৫০০ রানের দিকে নিএ যাচ্ছেন এই ব্যটার।
পেস সহায়ক সেঞ্চুরিয়নের উইকেটে বোলারদের চাপে রাখতে প্রোটিয়ারা রান তুলেছে বেশ দ্রুত গতিতে। প্রথম সেশনে ২৯ ওভারে ১৪০ রান তুলেছে স্বাগতিকরা, ওভারপ্রতি ৪.৮৩ গড়ে। মজার ব্যাপার হলো, ওই সেশনে ১৪০ রানের মধ্যে ১০৪ রানই করেছেন অ্যাকারম্যান। দ্বিতীয় সেশনে তারা ৩২ ওভার খেলে রান করেছে ১২৮।
অন্যদিকে, কন্ডিশনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। এই উইকেটকে বরাবরই পেসারদের স্বর্গ বলা হয়ে থাকে। তবে বাংলাদেশ প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলিয়ে ৩ সেশনে কেবল ৫টি উইকেট নিতে পেরেছে। তাসকিন আহমেদ এখন পর্যন্ত ১৮ ওভার বল করে কেবল ১টি উইকেট নিতে পেরেছেন। শরিফুল এবং খালেদ নিয়েছেন দুটো করে উইকেট। ১৩ ওভার বল করেও কোনো উইকেট নিতে পারেননি পার্ট টাইম স্পিন অপশন মুমিনুল হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

