'আউট হওয়া শটটাই তখনও মাথায় ঘুরছিল', হৃদয়ের ক্যাচ মিস প্রসঙ্গে মাকেতা

'আউট হওয়া শটটাই তখনও মাথায় ঘুরছিল', হৃদয়ের ক্যাচ মিস প্রসঙ্গে মাকেতা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ঢাকা টেস্টে বাজে শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলেছিলেন; সেসময় অনেক সমালোচনাও হয়েছিল তাওহীদ হৃদয়কে নিয়ে। তবে সমালোচনাকে পেছেন ফেলে পরের ৩ ইনিংসে অতিমানবীয় পারফর্ম করেছেন তরুণ এই ব্যাটার। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন শেষে আবারও আলোচনায় হৃদয়।

বিজ্ঞাপন

চা-বিরতির ঠিক আগের ওভারে দৃষ্টিকটু শটে আউট হওয়ার পর স্লিপে সহজ ক্যাচ হাতছাড়া করেন হৃদয়। ব্যাটিংয়ের সময় হৃদয়ের মাথায় কী চলছিল তা নিশ্চিত না হলেও সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতার ধারণা, ওই আউটের ধাক্কা সামলাতে না পারার কারণেই ফিল্ডিংয়ে ভুল করেছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর থেকেই ছন্দে আছেন তিনি। সেই সিরিজের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ৮২ রানের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন ওয়ান্ডারার্সে।

তবে সেঞ্চুরিয়নে চা-বিরতির আগের ওভারে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি হৃদয়। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে, এমন সময় ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকা জরুরি ছিল। কিন্তু ৩৬ বলে ৭ রানে ব্যাট করতে থাকা হৃদয় হঠাৎই অফ স্পিনার সাইমন হার্মারের ওপর চড়াও হওয়ার সিদ্ধান্ত নেন। শিকল ভাঙার চেষ্টায় পরপর দুই বলে একটি ছক্কা ও একটি চার মারার পরের বলে দুই রান নেন। কিন্তু বিরতির আগের শেষ বলে হার্মারকে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর ব্যাটিং ধসের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ মাকেতা। শুরুতেই তাকে হৃদয়ের ক্যাচ মিস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। পেসার খালেদ আহমেদের বলে জুবাইর হামজার ব্যাটের কানায় লাগা সহজ ক্যাচটি স্লিপে ফেলে দেন হৃদয়।

মাকেতার বিশ্বাস, ব্যাটিংয়ের ওই আউটটির কথাই তখনও ভাবছিলেন হৃদয়। তবে ব্যাটারদের কাছ থেকে এমন ভুল মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

মাকেতা বলেন, ‘আমার মনে হয়, ক্যাচটি যখন আসে তখনও সে নিজের ভেতরেই ডুবে ছিল। সে দারুণ ব্যাটিং করছিল, আর আমাদের বেশিরভাগ ব্যাটারের দিকে তাকালে দেখবেন, তারা ফিল্ডিংয়ে ভুল করেছে। আমার মনে হয়, বাজে ব্যাটিংয়ের ঘোর তারা তখনও কাটিয়ে উঠতে পারেনি। তবে এটি কোনো অজুহাত হতে পারে না। ব্যাটিং যেমনই হোক, জার্সির মর্যাদা রাখতে মাঠে আমাদের দৃঢ় মানসিকতা দেখাতে হবে। বিষয়টি কিছুটা হতাশাজনক ছিল। তবে আমি নিশ্চিত, আগামীকাল আমরা আরও শক্তভাবে ঘুরে দাঁড়াব।’

ক্যাচটি নিতে পারলে বাংলাদেশের বোলাররা দারুণ উজ্জীবিত হয়ে উঠতেন, সুযোগ হাতছাড়া হওয়ায় পুরো দলই হতাশ বলে জানান মাকেতা। তার ভাষায়, ‘ক্যাচ সবাই মিস করে। আগেই বলেছি, সে হয়তো তখনও নিজের ব্যাটিং আর ওই শটটি নিয়েই ভাবছিল, পুরোপুরি বর্তমান মুহূর্তে ছিল না। এটি দলের জন্য খুব হতাশার ছিল, কারণ আমাদের লক্ষ্য ছিল আজ অন্তত ওদের তিনটি উইকেট তুলে নেওয়া, যা শেষ পর্যন্ত হয়নি।’

চা-বিরতির ঠিক আগে প্রোটিয়াদের ওপর চড়াও হওয়ার এমন কৌশল নিয়ে প্রশ্ন করা হলে গত মাসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া মাকেতা জানান, বাজে কোনো সিদ্ধান্তের পর তিনি সাধারণত হৃদয়কে একা ছেড়ে দেন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও তিনি এমনটাই করেছিলেন।

মাকেতা বলেন, ‘ওর সঙ্গে আমার এখনও কথা হয়নি। সে কী ভাবছিল, আমি জানি না। ড্রেসিংরুমে ফেরার পর এ ধরনের কোনো শট খেললে আমরা সাধারণত একে অপরকে একটু সময় দিই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও সে এমনটা করেছিল, তখনও আমি তাকে কিছুটা সময় দিয়েছিলাম। আমি নিশ্চিত, আজ রাতে সে নিজেই আমার কাছে এসে কথা বলবে। এরপরই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন