দারুণ ধারাবাহিকতায় দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিপরীতে ছন্দ হারিয়ে নিজেদের অপেক্ষা বাড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট কাটার মিশনে নিজেদের পরবর্তী ম্যাচে শুক্রবার (৬ মে) ভোর পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন সকাল ৭টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি।
ল্যাটিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি ছয় দল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে জায়গা করে নেবে। ছন্দে না থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলার দারুণ সুযোগ আছে ব্রাজিলের। টেবিলের চারে অবস্থান করছে জায়ান্টরা। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। ছয় জয়ের বিপরীতে পাঁচটিতে হেরেছে ব্রাজিল। বাকি তিন ম্যাচে পয়েন্ট ভাগ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলতি মাসেই বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিলের। এজন্য আসন্ন দুটি ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে জিততে হবে তাদের। সেই সঙ্গে ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচের ফলাফলও পক্ষে আসতে হবে।
এই মহাদেশ থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটা আর্জেন্টিনার পুঁজি ৩১ পয়েন্ট। ব্রাজিলের সমান ১৪ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে লিওনেল মেসির দল। এক ড্রয়ের বিপরীতে তিনটিতে হেরেছে আলবিসেলেস্তেরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

