চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ৪ ম্যাচের প্রতিটিতেই সেঞ্চুরির দেখা মিলেছে। সেঞ্চুরিতে ইতোমধ্যে রেকর্ড ভেঙেছে। এবার আরও রেকর্ড গড়ার অপেক্ষায় আছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ৪ ম্যাচে সাতটি সেঞ্চুরি হয়েছে। মাঠে গড়ানো এই ৪ ম্যাচে কেউ না কেউ তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। সেঞ্চুরি করা ব্যাটাররা হলেন উইল ইয়াং, টম লাথাম, তাওহীদ হৃদয়, শুভমান গিল, রায়ান রিকেলটন, বেন ডাকেট ও জস ইংলিস।
এর আগে আইসিসি আয়োজিত কোনো ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে এতো সেঞ্চুরি হয়নি। ২০০৩ ও ২০১৯ বিশ্বকাপের প্রথম ৪ ম্যাচে ৫টি করে সেঞ্চুরি এতোদিন সর্বোচ্চ ছিল। অন্যদিকে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ৪ ম্যাচে সমান সেঞ্চুরি হয়। এতোদিন সেটা ছিল এই টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
চ্যাম্পিয়নস ট্রফির ২০০২ ও ২০১৭ সালের আসরে সমান ১০টি করে সেঞ্চুরি হয়। এখন পর্যন্ত সেটাই এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ড। এবার যে সে রেকর্ড ভাঙতে যাচ্ছে সেটা একরকম নিশ্চিতভাবেই বলা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

