নারী এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের সামনে বাহরাইন চ্যালেঞ্জ

বাংলাদেশের সামনে বাহরাইন চ্যালেঞ্জ

বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। বাহরাইন ম্যাচটির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। কেননা গ্রুপে পর্বের এই প্রথম ম্যাচটিতে ভালো খেলতে পারলে পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা। এবার বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ পিটার বাটলার।

ফিফা র‌্যাংকিংয়ে ৯২তম দল বাহরাইন। আর র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮তম। ৩৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ভালো পরীক্ষাই দিতে হবে বাংলাদেশ নারী দলকে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তাদেরকে বেশি উজ্জীবিত রাখছে। গত ৩১ মে ইন্দোনেশিয়া এবং ৩ জুন জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাটলারের দল। র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা দল দুটির বিপক্ষেই ড্র করে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূণ্য এবং জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আফঈদা খন্দকাররা। এই দুই ম্যাচের ভালো খেলার আত্মবিশ্বাস নিয়েই বাছাই পর্বের মিশন শুরু করছেন তারা। বাহরাইন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বাটলার জানান, সিনিয়র জাতীয় দল, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প করেছেন তিনি। এই তিন দলের খেলোয়াড়দের মিশলে চমৎকার একটি টিম কম্বিনেশন দাঁড়িয়েছে। দলে বেশির ভাগ সিনিয়র দলের খেলোয়াড়রাই আছেন। সব মিলে দলটি নিয়ে বেশ ইতিবাচক বাটলার। তিনি আরো জানান, র‌্যাংকিংয়ে এগিয়ে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ খেলেছে দল। এবার বাছাই পর্বে ভালো খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ। তবে শারীরিক উচ্চতার দিক থেকে বাহরাইন এগিয়ে। তাদের তারুণ্যদীপ্ত দল। বাহরাইনকে সম্মান জানিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অন্যদিকে, তিনটি প্রীতি ম্যাচ খেলে এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করছে বাহরাইন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে ড্র করে তারা। তবে সৌদি আরবের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। বাহরাইন দলের কোচ খালিদ আল হারবান জানান, সিনিয়র ও তরুণ নিয়ে দল গড়েছেন তারা। ভালো খেলার ব্যাপারে ইতিবাচক বাহরাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন