মাত্র তিন দিন আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফ থেকে বিদায় নেয় ম্যানসিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও হারল তারা। তাদের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। সেই সঙ্গে ঘরোয়া লিগের টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে মার্সিসাইডের ক্লাবটি।
ইতিহাদ স্টেডিয়ামে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। ২৭ ম্যাচে অল রেডদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। ২৬ ম্যাচে লন্ডনের ক্লাবটির সংগ্রহ ৫৩ পয়েন্ট। তিনে আছে নটিংহাম ফরেস্ট। তাদের নামের পাশে শোভা পাচ্ছে ৪৭ পয়েন্ট। ৪৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে ম্যানসিটি।
হারলেও বল দখল এবং আক্রমণে এগিয়ে থেকে লিভারপুলের কঠিন পরীক্ষা নেয় ম্যানসিটি। যদিও কাজের কাজ সেই গোলের দেখাই পায়নি স্বাগতিকরা। বিপরীতে প্রথমার্ধেই ২ গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে লিভারপুল। ১৪ মিনিটে সোবোসলাইয়ের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান সালাহ। ৩৭তম মিনিটে সালাহর সহযোগিতায় স্কোরলাইন ২-০ করেন সোবোসলাই। বিরতির পর একের পর আক্রমণে গিয়েও জালের দেখা পায়নি ম্যানসিটি। অন্যদিকে লিভারপুলও পারেনি ব্যবধান বাড়াতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

