‘পারফরম্যান্স হয়নি তাই ফারুক আহমেদকে সরানো হয়েছে’

‘পারফরম্যান্স হয়নি তাই ফারুক আহমেদকে সরানো হয়েছে’

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে মুলত দুই কারণে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই ব্যাখ্যাই দিয়েছেন। গতকাল জাতীয় হ্যান্ডবলের শেষদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এই ব্যাখ্যা দেন ক্রীড়া উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি জানান, মূলত বিপিএলে অনিয়ম এবং জাতীয় দলের পারফরম্যান্সের নিন্মমুখিতার জন্যই ফারুক আহমেদের ওপর থেকে আস্থা হারিয়েছে ক্রীড়া প্রশাসন।

তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি। ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলারগুলোতে ফারুক ভাইয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাছাড়া বিসিবি সঠিকভাবে পরিচালনার জন্য যথাযথ ‘টিম’ তিনি তৈরি করতে পারেননি।’

'তবে তাকে (ফারুক আহমেদ) সরানোর বিষয়টা আসলে কোনো শাস্তি বা এরকম কিছু না। আমরা দেখেছি যে বিগত নয় মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি বরং আমরা ক্রমাবনতি দেখছি। বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্সটা আসলে আশানুরূপ না।'-যোগ করেন আসিফ মাহমুদ

উপদেষ্টা আরো বলেন, 'বাফুফে সরকারের সহযোগিতাকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা ফুটবলকে কেন্দ্র করে একটা নতুন উন্মাদনা, একটা নতুন আশার সঞ্চার তৈরি করতে পেরেছে। সেখানে ক্রিকেটের অবস্থাটা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। বিপিএলের সত্যানুসন্ধান কমিটির রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলায় মোটামুটি ফারুক ভাইয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং এর বাইরেও আমরা আপনারা দেখেছেন যে বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে।'

তিনি আরো যোগ করেন, 'তো এখানে কোনো টিম হয়নি আসলে। ক্রিকেটে যেমন ১১ জন মাঠে খেললে টিম হয়, বিসিবিতেও তো একটা টিম আপনার প্রয়োজনীয়তা আছে। বিসিবিতে যারা ফয়সিবাদীর সময়ে যারা ছিলেন তারা আগেই পাঁচই আগস্টের পরপরই পালিয়ে গেছেন আপনারা জানেন। তারপরও তারপরে বাকি যারা আছেন আট-নয়জন ডিরেক্টর আছেন, তারা কেউই আসলে উনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।'

'এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটের ক্রমাবনতির কারণে পেছনে এটাও একটা বড় কারণ। সেই জায়গা থেকে বিসিবির আরজি এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির যে রিপোর্ট সবকিছু মিলেই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা শুধু এটা একেবারেই পারফরম্যান্স বেসড।’- শেষ করেন আসিফ মাহমুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন